ঢাকা | বঙ্গাব্দ

ধীরে চলার নির্দেশ মানেননি চালক, স্টেশন মাস্টার বরখাস্ত

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 19, 2026 ইং
ধীরে চলার নির্দেশ মানেননি চালক, স্টেশন মাস্টার বরখাস্ত ছবির ক্যাপশন:
ad728
বগুড়ার সান্তাহারে ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নয়টি বগি গতকাল লাইনচ্যুত হয়ে শতাধিক যাত্রী আহত হয়েছেন। চলছে উদ্ধার কাজ। বন্ধ রয়েছে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ৫ জেলার ট্রেন চলাচল। ঘটনাস্থলে রেলের লাইন মেরামতের কাজ চলায় ধীরে চলার নির্দেশনা ছিল। চালক তা মানেননি এবং লাল পতাকা দেখতে পাননি বলে সংশ্লিষ্টদের পক্ষ থেকে জানানো হয়েছে। সান্তাহারের সহকারী স্টেশন মাস্টারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গঠন করা হয়েছে চার সদস্যের তদন্ত কমিটি। আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশনের বাঘবাড়ি এলাকায় বুধবার দুপুরে নীলসাগর এক্সপ্রেস নামের একটি ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পরপরই ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ফলে বিভিন্ন স্টেশনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ঢাকা থেকে চিলাহাটিগামী ট্রেনটি সান্তাহার স্টেশন ছেড়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ট্রেনের ছাদে থাকা বিপুল সংখ্যক যাত্রী নিচে পড়ে গিয়ে শতাধিক যাত্রী আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, রেললাইনের ওই জায়গায় মেরামতের কাজ চলছিল। আগের দিন রাত ১১টার দিকে বিকট শব্দ হয়ে রেললাইনটি ফেটে যায়। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলে প্রত্যেকটি ট্রেন ঘটনাস্থলে পৌঁছানোর পর ১০ কিলোমিটার গতিতে চলাচল করার কথা বলা হয়। কিন্তু নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি সিগন্যাল না মেনে দ্রুতগতিতে যাচ্ছিল। এছাড়া সতর্কতা অবলম্বনের জন্য লাল পতাকা দেওয়া থাকলেও চালক তা লক্ষ্য করেননি। গতিবেগ নিয়ন্ত্রণ না করায় বিকট শব্দে ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট উদ্ধার কাজে অংশ নেয়। লাইনচ্যুত হওয়া ৯টি যাত্রীবগি তোলার জন্য ঈশ্বরদী জংশন থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন রওনা হয়েছে। এদিকে, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে অর্ধশতাধিক আহত ব্যক্তিকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে ১৮ জন আহত রোগী ভর্তি আছেন। চিকিৎসাধীনদের অধিকাংশের বাড়ি রংপুর ও নীলফামারী জেলায় বলে জানা গেছে। খবর পেয়ে আহতদের দেখতে হাসপাতালে যান নওগাঁ সদর-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। আহতদের চিকিৎসার খোঁজখবর নেন তিনি।

নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স