অর্থবছরের প্রথম চার মাসে ৩ লাখ কোটি টাকার বেশি এডিপির বিপরীতে ব্যয় হয়েছে ২০ হাজার ১৫৯ কোটি ৬৪ লাখ টাকা। অর্থাৎ জুলাই-অক্টোবরে পুরো বছরের বরাদ্দের সাত শতাংশেরও কম বাস্তবায়ন হয়েছে। শুধু চলতি অর্থবছরেই নয়, আগের কয়েক বছরের তুলনায়ও এবার এডিপি বাস্তবায়নের হার কমেছে। ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-অক্টোবরে এডিপি বাস্তবায়নের হার ছিল ৮ দশমিক ৩৩ শতাংশ। ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে ছিল ৭ দশমিক ৯০ শতাংশ। ২০২৩-২৪ অর্থবছরে ছিল ১১ দশমিক ৬৪ শতাংশ এবং ২০২২-২৩ অর্থবছরে ১২ দশমিক ৬৪ শতাংশ।
আইএমইডির তথ্য অনুযায়ী, অর্থবছরের প্রথম চার মাসে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেছে স্থানীয় সরকার বিভাগ। চলতি অর্থবছরে এ বিভাগের অধীনে ২০১টি প্রকল্পে বরাদ্দ রয়েছে ৩৩ হাজার ৩৭৪ কোটি ৩১ লাখ টাকা। এর বিপরীতে জুলাই-অক্টোবরে ব্যয় হয়েছে ৬ হাজার ৯২০ কোটি ৪৩ লাখ টাকা। এ হিসাবে বিভাগের নিজস্ব বরাদ্দের ২০ দশমিক ৭৪ শতাংশ বাস্তবায়ন হয়েছে।
তবে বড় অঙ্কের বরাদ্দ থাকা বেশ কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগের অগ্রগতি সন্তোষজনক নয়। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জন্য চলতি অর্থবছরে বরাদ্দ রয়েছে ২৯ হাজার ৮৪১ কোটি ৭ লাখ টাকা। এর বিপরীতে প্রথম চার মাসে ব্যয় হয়েছে ১ হাজার ৮৯৮ কোটি ১৮ লাখ টাকা, যা মোট বরাদ্দের ৬ দশমিক ৩৬ শতাংশ।
একই সময়ে বিদ্যুৎ বিভাগের ১৮ হাজার ১০৬ কোটি ৯৯ লাখ টাকা বরাদ্দের বিপরীতে ব্যয় হয়েছে ১ হাজার ৯৪৯ কোটি ৫৮ লাখ টাকা। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ১৭ হাজার ৭৪ কোটি টাকা বরাদ্দ থেকে খরচ হয়েছে ১ হাজার ৭৯১ কোটি ৩৯ লাখ টাকা। নৌপরিবহন মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৯ হাজার ৫২০ কোটি ৯৩ লাখ টাকা। অথচ প্রথম চার মাসে এ মন্ত্রণালয় ব্যয় করতে পেরেছে মাত্র ৫১৬ কোটি ৬৫ লাখ টাকা।
অন্যদিকে, পানি সম্পদ মন্ত্রণালয়ের ৭ হাজার ৪৮১ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্দের বিপরীতে ব্যয় হয়েছে ৮৯৩ কোটি ৫৮ লাখ টাকা। স্বাস্থ্য খাতের দুটি বিভাগেও এডিপি বাস্তবায়নের হার বেশ কম। স্বাস্থ্য সেবা বিভাগের জন্য বরাদ্দ করা ৬ হাজার ১৪ কোটি ৪৭ লাখ টাকার মধ্যে ব্যয় হয়েছে মাত্র ২৩৭ কোটি ২ লাখ টাকা। এ ছাড়া রেলপথ মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ থাকা ৫ হাজার ৩৪৩ কোটি ৪২ লাখ টাকার মধ্যে জুলাই-অক্টোবর সময়ে ব্যয় হয়েছে মাত্র ১৬৭ কোটি ৬৫ লাখ টাকা।
বসির আহমেদ