এ দফায় বাংলাদেশ, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেওয়ার লড়াই চলছিল। সেই লড়াইয়ে সবার আগে আফগানিস্তান এবং এরপর বাংলাদেশ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে।
আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে থাকা শীর্ষ আটটি দল সরাসরি ২০২৭ বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। তবে স্বাগতিক হওয়ায় দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি বিশ্বকাপে খেলবে। দক্ষিণ আফ্রিকা যেহেতু র্যাংকিংয়ের শীর্ষ আটে রয়েছে, তাই র্যাংকিংয়ের শীর্ষ নয় দল সরাসরি বিশ্বকাপে জায়গা পাবে।
বেলফাস্টে আয়ারল্যান্ডকে হারিয়ে আফগানিস্তান বিশ্বকাপে জায়গা নিশ্চিত করার পর র্যাংকিংয়ের হিসাব-নিকাশে বাংলাদেশের জায়গাও নিশ্চিত হয়ে যায়। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো তাদের প্রতিবেদনে জানিয়েছে, আফগানিস্তানের সঙ্গে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি বিশ্বকাপ খেলবে।
৩০ সেপ্টেম্বরের আগে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে ম্যাচ রয়েছে দুটি, ভারতের বিপক্ষে। তবে ওই দুটি ম্যাচ জিতলেও বাংলাদেশকে র্যাংকিংয়ে টপকে যাওয়ার কোনো সুযোগ নেই তাদের।
ফলে বাংলাদেশের বিশ্বকাপের টিকিট নিশ্চিত হওয়ার পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের বাছাইপর্ব খেলাও নিশ্চিত হয়ে গেছে। অর্থাৎ ২০২৭ বিশ্বকাপেও সরাসরি মূল পর্বে জায়গা করে নিতে পারছে না দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
এ নিয়ে টানা তৃতীয়বার বিশ্বকাপের বাছাইপর্বে খেলতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। বিশ্ব ক্রিকেটের অন্যতম পরাশক্তির জন্য এটি নিঃসন্দেহে বড় এক পতনের চিত্র।
বসির আহমেদ