সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে ‘৩৭তম এপিটি ওয়্যারলেস গ্রুপ (এডব্লিউজি-৩৭)’ শীর্ষক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী।
বিটিআরসি চেয়ারম্যান বলেন, এশিয়া-প্যাসিফিক টেলিকমিউনিটি (এপিটি) ওয়্যারলেস গ্রুপের ৩৭তম সভা ঢাকায় আয়োজন করা বাংলাদেশের জন্য সম্মানের পাশাপাশি গুরুত্বপূর্ণ একটি সুযোগ। এ সভার কার্যক্রম দেশের জাতীয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক হিসেবে বিটিআরসির বিভিন্ন দায়িত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত।
তিনি বলেন, এ আয়োজনের মাধ্যমে বাংলাদেশের প্রকৌশলী ও কর্মকর্তারা আঞ্চলিক বিশেষজ্ঞদের কাছ থেকে জ্ঞান অর্জনের পাশাপাশি ওয়্যারলেস প্রযুক্তি ও বিভিন্ন দেশের অভিজ্ঞতার সঙ্গে সরাসরি পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছেন। একই সঙ্গে স্থানীয় শিল্প ও পেশাজীবীদের জন্যও আঞ্চলিক বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ তৈরি হয়েছে।
এমদাদ উল বারী বলেন, বাংলাদেশ এডব্লিউজি-৩৭কে শুধু পাঁচ দিনের একটি সভা হিসেবে দেখছে না। এটি জ্ঞান স্থানান্তর, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং আঞ্চলিক সম্পৃক্ততা আরও শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। তিনি আরও বলেন, এশিয়া-প্যাসিফিক টেলিকমিউনিটির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের। দেশের টেলিযোগাযোগ খাতের পরিধি ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়ার সঙ্গে সঙ্গে আগামী দিনে এপিটির কার্যক্রমেও আরও বেশি অবদান রাখতে চায় বাংলাদেশ।
বিটিআরসি চেয়ারম্যান জানান, এপিটির কারিগরি কার্যক্রমে আরও সক্রিয়ভাবে অংশ নেওয়া, বাংলাদেশের নিয়ন্ত্রক ও পরিচালনাগত অভিজ্ঞতা তুলে ধরা এবং আঞ্চলিক বিভিন্ন গবেষণায় সহযোগিতা করার লক্ষ্য রয়েছে। পাশাপাশি আরও বেশি বাংলাদেশি বিশেষজ্ঞকে এপিটির বিভিন্ন ওয়ার্কিং গ্রুপ ও নেতৃত্বের ভূমিকায় যুক্ত করতে চায় বাংলাদেশ।
বাংলাদেশে এপিটির আরও বেশি কর্মসূচি আয়োজন এবং এ অঞ্চলের সক্ষমতা বৃদ্ধি ও জ্ঞান বিনিময়ে অবদান রাখার আগ্রহের কথাও জানান তিনি। তিনি বলেন, কোনো সদস্য শুধু সহযোগিতা থেকে সুবিধা নিলে আঞ্চলিক সহযোগিতা শক্তিশালী হয় না। বরং প্রত্যেক সদস্য নিজেদের জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে অবদান রাখলে আঞ্চলিক সহযোগিতা আরও কার্যকর ও শক্তিশালী হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং বিশেষ অতিথি হিসেবে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিটিআরসির ভাইস চেয়ারম্যান, কমিশনার, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কর্মকর্তারা, এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বসির আহমেদ