তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় পারস্পরিক সম্পর্ক জোরদার এবং দুই দেশের গণমাধ্যম, সংস্কৃতি ও জ্ঞানভিত্তিক সহযোগিতা বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সাক্ষাতে মন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে নিউ মিডিয়ার দ্রুত বিস্তার দুই দেশের মধ্যে যৌথভাবে কাজ করার নতুন সুযোগ সৃষ্টি করেছে। পারস্পরিক স্বার্থের ভিত্তিতে ভবিষ্যতে গণমাধ্যম খাতে সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আলোচনায় দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির বিষয়টিও গুরুত্ব সহকারে উঠে আসে। সাংস্কৃতিক বিনিময়, বিশেষ করে শিল্পী ও অভিনয়শিল্পীদের পারস্পরিক সফর এবং যৌথ প্রযোজনার সম্ভাবনা নিয়েও কথা হয়। এছাড়া বাংলাদেশ-পাকিস্তান ‘নলেজ করিডোর’ উদ্যোগের আওতায় বিজ্ঞানভিত্তিক শিক্ষায় শিক্ষার্থী বিনিময় কর্মসূচি আরও সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়েছে।