পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (এডিশনাল ডিআইজি) পদমর্যাদার এক কর্মকর্তাসহ মোট সাতজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকির স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এসব বদলির নির্দেশ দেওয়া হয়। অফিস আদেশে জানানো হয়, অতিরিক্ত উপমহাপরিদর্শক রায়হান উদ্দিন খানকে পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট-১ শাখায় বদলি করা হয়েছে। একই শাখায় কর্মরত অতিরিক্ত উপমহাপরিদর্শক খন্দকার শামীমা ইয়াছমিনকে স্থানান্তর করা হয়েছে রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স শাখায়। এদিকে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন ইউনিটেও একাধিক কর্মকর্তার দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। সচিবালয় নিরাপত্তা বিভাগের অতিরিক্ত উপকমিশনার আব্দুল কাদেরকে ডিবি তেজগাঁও বিভাগে বদলি করা হয়েছে। ডিএমপির প্রোকিউরমেন্ট অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. খালিদ বোরহানকে ট্রাফিক বিভাগে পাঠানো হয়েছে। একই সঙ্গে অতিরিক্ত উপকমিশনার আমেনা আক্তারকে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিএমও) পশ্চিম বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, পিএমও পশ্চিম বিভাগের অতিরিক্ত উপকমিশনার শারমিন আক্তার চুমকিকে বদলি করা হয়েছে সচিবালয় নিরাপত্তা বিভাগে। আর অতিরিক্ত উপকমিশনার অরিত সরকারকে স্থানান্তর করা হয়েছে প্রোকিউরমেন্ট অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগে।