রাজধানীর বেইলি রোড-এর নাট্যপাড়ায় হঠাৎ করেই সপরিবারে হাজির হয়ে শিশুতোষ নাটক উপভোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় বেইলি রোডের একটি থিয়েটারে ‘কবি চিতাবাঘ’ শিরোনামের শিশুতোষ নাটকটি উপভোগ করেন তিনি। সংশ্লিষ্ট সূত্র জানায়, ব্যস্ত কর্মসূচির মাঝেও কিছুটা সময় বের করে প্রধানমন্ত্রী তার স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান-কে সঙ্গে নিয়ে নাটকটি দেখতে যান। এর আগে গত ৩ এপ্রিল কন্যা জাইমা রহমানকে নিয়ে রাজধানীর ধানমন্ডি-তে সীমান্ত সম্ভারে অবস্থিত স্টার সিনেপ্লেক্স-এ একটি চলচ্চিত্রও উপভোগ করেছিলেন তিনি। সংস্কৃতিকর্মীরা মনে করছেন, প্রধানমন্ত্রীর এই ধারাবাহিক সাংস্কৃতিক সম্পৃক্ততা দেশের শিল্প-সংস্কৃতির অঙ্গনে ইতিবাচক প্রভাব ফেলছে। তাদের মতে, সরকারপ্রধানের থিয়েটার ও সিনেমা হলে উপস্থিতি সাধারণ দর্শকদেরও সুস্থ বিনোদনের প্রতি আগ্রহী করে তুলবে।