
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের কলিকাতা, জাব্বার মাস্টারের গ্রাম, চর ইলিশমারি, বাতাসপুর ও নবীনগর গ্রামের প্রায় ১১ কিলোমিটার কাঁচা সড়ক আজও পাকা হয়নি। বর্ষা এলেই হাঁটাচলা বন্ধ হয়ে যায়।
অনেক জায়গায় বাড়ির পেছনের আমবাগান ঘুরে গন্তব্যে যেতে হয়। কৃষকেরা আমসহ বিভিন্ন কৃষিপণ্য বাজারে নিতে না পেরে কম দামে বিক্রি করতে বাধ্য হন। বৃষ্টি হলে অনেক মুসল্লি মসজিদে যেতে পারেন না। এমনকি বিয়ের সম্বন্ধও ভেঙে যায় বেহাল দশার এই সড়কের কারণে। দীর্ঘদিনের ক্ষোভে সম্প্রতি রাস্তার ওপর ধানের চারা রোপণ করে অভিনব প্রতিবাদ জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, নির্বাচনের আগে বারবার প্রতিশ্রুতি মিললেও বাস্তবে কোনো উন্নয়ন হয়নি। উপজেলা প্রশাসন বলছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। পর্যায়ক্রমে এলজিইডির মাধ্যমে সড়ক পাকাকরণের উদ্যোগ নেওয়া হবে।
একটি সড়ক শুধু চলাচলের পথ নয়; শিক্ষা, চিকিৎসা, কৃষি আর স্বাভাবিক জীবনেরও ভিত্তি। অথচ অর্ধশতাব্দী ধরে সেই মৌলিক সুবিধা থেকেই বঞ্চিত এই জনপদ। স্থানীয়দের প্রত্যাশা, আর কোনো প্রতিশ্রুতি নয়- দ্রুত পাকা হোক সড়কটি, শেষ হোক প্রজন্মের পর প্রজন্ম ধরে চলতে থাকা এই জনদুর্ভোগ।