
প্রতিবেদন অনুযায়ী, নিহত ক্রিকেটারের নাম অদিতি চৌখান্ডে। মহারাষ্ট্রের আকোলার বাসিন্দা অদিতি উন্নত ক্রিকেট প্রশিক্ষণের জন্য গত দুই বছর ধরে মায়ের সঙ্গে নাগপুরে বসবাস করছিলেন। সেখানে একটি ক্রিকেট একাডেমিতে নিয়মিত অনুশীলন করতেন। তার ভাইও একজন পেশাদার ক্রিকেটার।
বুধবার ভোর সাড়ে ৫টার দিকে নাগপুরের লক্ষ্মীনগর এলাকার একটি বাসা থেকে অদিতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
ঘটনাস্থল থেকে একটি হাতে লেখা চিরকুটও উদ্ধার করা হয়েছে। সেখানে লেখা ছিল, "আমি দলে জায়গা পাইনি।" এ থেকেই পুলিশের প্রাথমিক ধারণা, দলে সুযোগ না পাওয়ার হতাশাই তাকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।
পুলিশের এক কর্মকর্তা জানান, সম্প্রতি বিদর্ভ দলের স্কোয়াডে জায়গা না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অদিতি। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।