
নিহত কনস্টেবল পারভেজ মিয়া (৩০) ভৈরব হাইওয়ে থানায় কর্মরত ছিলেন। তার বাড়ি হবিগঞ্জ সদর উপজেলায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে ভৈরব হাইওয়ে পুলিশের একটি টিম দুর্ঘটনার সংবাদ পেয়ে উদ্ধার অভিযানে রওনা দেয়। দাড়িয়াকান্দি এলাকায় পৌঁছালে পুলিশের পিকআপ ভ্যানটির একটি চাকায় হাওয়া কম থাকায় চালক সড়কের পাশে গাড়িটি থামিয়ে হাওয়া দিচ্ছিলেন। এ সময় পিছন দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের পিকআপের ওপর উল্টে পড়ে। এতে পিকআপের ভেতরে থাকা কনস্টেবল পারভেজ মিয়া ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে জনতা ও অন্য পুলিশ সদস্যদের সহযোগিতায় কনস্টেবল পারভেজের মরদেহ উদ্ধার করে।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী জানান, দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় পিকআপের চাকায় হাওয়া নেওয়ার সময় পিছন থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের পিকআপের ওপর উল্টে পড়ে। এতে ট্রাকের নিচে চাপা পড়ে কনস্টেবল পারভেজ মিয়া ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।