
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রূপনারায়ণ কুড়া ইউনিয়নের মাথাফাটা বাজার। এখানকার এই কফি হাউজে ঢুকলেই চোখে পড়ে তাকজুড়ে সাজানো শতাধিক বই। ইতিহাস, মুক্তিযুদ্ধ, বিজ্ঞান থেকে আত্মউন্নয়ন— নানা ধরণের বই নিয়ে বসে পড়ছেন চা-কফি খেতে আসা মানুষ। অলস আড্ডা নয়, তাদের সময় কাটছে বইয়ের পাতায়।
ডিজিটাল যুগে তরুণদের মোবাইল আসক্তি থেকে দূরে রেখে বইমুখী করার ভাবনা থেকেই ২০২৫ সালে ‘পথ পাঠাগার’ গড়ে তোলেন স্থানীয় সমাজকর্মী তৌফিকুর রহমান খোকন। তিতুমীর কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স শেষ করে চাকরি না পেয়ে জীবিকার তাগিদে স্থানীয় বাজারে কফি হাউজ চালু করেন তিনি। পাশাপাশি টিউশনও করেন। অল্প কয়েকটি বই দিয়ে শুরু হলেও স্থানীয়দের সহযোগিতায় ধীরে ধীরে সমৃদ্ধ হচ্ছে পাঠাগারটি।
সাধারণ চায়ের দোকানের কোলাহলের বদলে এই কফি হাউজ এখন হয়ে উঠেছে বই ও জ্ঞানচর্চার কেন্দ্র। দূর-দূরান্ত থেকেও বইপ্রেমীরা আসছেন এখানে। তবে পাঠাগারটি আরও বড় করতে প্রয়োজন প্রণোদনা ও পৃষ্ঠপোষকতা।
বইয়ের জ্ঞান ছড়িয়ে পড়ুক গ্রামের প্রতিটি ঘরে, এমন প্রত্যাশা স্থানীয় বইপ্রেমীদের। তাদের বিশ্বাস, একটু সহযোগিতা পেলেই তৌফিকের ছোট্ট এই উদ্যোগ হয়ে উঠতে পারে আরও বড় জ্ঞানচর্চার কেন্দ্র।