
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এ বিষয়ে রবিবার (৯ আগস্ট) চিঠির মাধ্যমে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংককে অবহিত করা হয়েছে।
এর আগে সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ করা প্রশাসক প্রত্যাহার করে নতুন ব্যাংকের কাছে নিয়ন্ত্রণ হস্তান্তর করা হয়। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ হস্তান্তরের মধ্য দিয়ে পাঁচটি ব্যাংকের মধ্যে তিনটি আনুষ্ঠানিকভাবে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’-এর অধীনে চলে আসবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বাকি দুটি ব্যাংক থেকেও পর্যায়ক্রমে প্রশাসক প্রত্যাহার করে নতুন ব্যাংকের কাছে নিয়ন্ত্রণ হস্তান্তর করা হবে।
সংশ্লিষ্টরা জানান, আগের সরকারের সময়ে এক্সিম ব্যাংক ছিল নজরুল ইসলাম মজুমদারের নিয়ন্ত্রণে। আর ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকসহ অন্য ব্যাংকগুলো ছিল এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে।
ব্যাংকগুলোর চরম আর্থিক সংকট এবং আমানতকারীদের আস্থার সংকট মোকাবিলায় পাঁচটি ব্যাংক একীভূত করে ৩৫ হাজার কোটি টাকা পরিশোধিত মূলধন নিয়ে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠন করা হয়েছে। এর মধ্যে সরকার দিয়েছে ২০ হাজার কোটি টাকা। বাকি ১৫ হাজার কোটি টাকা আমানতকারীদের জমা অর্থের বিপরীতে শেয়ারে রূপান্তর করা হচ্ছে।
তবে একীভূতকরণের প্রক্রিয়া শুরু হলেও পাঁচ ব্যাংকের প্রযুক্তিগত সমন্বয়ের কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি। কর্মকর্তারা জানিয়েছেন, আইটি ব্যবস্থা একীভূত না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক বাণিজ্য ও নস্ট্রো হিসাবের লেনদেন পুরোনো ব্যাংকের নামেই পরিচালিত হবে।
প্রযুক্তিগত একীকরণ সম্পন্ন হলে পাঁচ ব্যাংকের পৃথক পরিচিতি বিলুপ্ত হয়ে একক নাম ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’-এর অধীনে পূর্ণাঙ্গ ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে।