
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার মনাকষা বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
অসুস্থ শিক্ষার্থীরা জানায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে তারা বিদ্যালয়ে আসে। টিফিনের সময় বিদ্যালয়ের সামনে একটি ফুটপাতের দোকান থেকে নয়জন শিক্ষার্থী পেঁয়াজু কিনে খায়। কিছুক্ষণ পরই তারা অসুস্থ হয়ে পড়ে। একপর্যায়ে সাতজনের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের দ্রুত শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
বর্তমানে সাত শিক্ষার্থী হাসপাতালের মহিলা ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
মনাকষা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ রানা বলেন, খাবারে ভেজাল বা খাদ্যদূষণের কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে থাকতে পারে। অসুস্থ হওয়ার পরপরই তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।
শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রহমতুল্লাহ বলেন, প্রাথমিকভাবে খাদ্যে বিষক্রিয়ার কারণেই শিক্ষার্থীরা অসুস্থ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে তাদের অবস্থা আশঙ্কামুক্ত। তবে সতর্কতার জন্য চিকিৎসাধীন রেখে তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।