
এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে জেলা প্রশাসন ও পক্ষ থেকে শিপ ব্রেকিং ইয়ার্ড মালিকদের সংগঠন বিএসবিআরএ এর পক্ষ থেকে আলাদা দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসন গঠিত ৯ সদস্যের তদন্ত কমিটিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানের পাশাপাশি কারও গাফিলতি বা দায় রয়েছে কিনা, তা খতিয়ে দেখতে বলা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে করণীয় সম্পর্কে সুপারিশসহ সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। এ দূর্ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। এ
দিকে শনিবার সকালে চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্ঘটনা কবলিত স্থান পরিদর্শন করেন শিল্প সচিব আব্দুন নাসের খানসহ বিস্ফোরক অধিদফতরের কর্মকর্তারা। তারা জানান, জাহাজটিতে ২১.৯ পিপিএম হাইড্রোজেন সালফাইডের অস্তিত্ব পাওয়া গেছে, যা খুবই বিষাক্ত। জাহাজটিতে জমে থাকা বিষাক্ত গ্যাস অভিজ্ঞ বিশেষজ্ঞদের দিয়ে অপসারণ করা হবে বলে জানান শিল্প সচিব।
গেল শুক্রবার সকালে চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজে জাহাজ কাটার সময় গ্যাস লিকেজ থেকে বিষাক্ত গ্যাস নির্গত হয়ে ৯ শ্রমিকের মৃত্যু হয়। ঘটনার পর দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে ১০ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন।