
জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ, মোবাইল ফোনের যন্ত্রাংশ, চিনি ও শাড়ি। এসব মালামালের সর্বমোট বাজারমূল্য ১ লাখ ৬০ হাজার ৮০০ টাকা।
আটক চোরাকারবারির নাম মো. আইজুল সরদার (৫০)। তিনি কলারোয়া উপজেলার সুলতানপুর গ্রামের মৃত বাবর আলীর ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার তালশারী নামক স্থান থেকে দুই বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপসহ মাদক কারবারি আইজুল সরদারকে হাতেনাতে আটক করে।
এ ছাড়া বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার বলদঘাটা পাকা রাস্তা নামক স্থান থেকে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, কাঁকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার কেঁড়াগাছি নামক স্থান থেকে ভারতীয় চিনি এবং মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার রাজপুর নামক স্থান থেকে ভারতীয় শাড়ি জব্দ করে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দ করা ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হয়েছে। এ ছাড়া আটক চোরাকারবারির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।