
এর আগে ডারউইনের মারারা স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হয় বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। স্পোর্টিং উইকেটে অনুষ্ঠিত ম্যাচটিতে অস্ট্রেলিয়াকে একতরফাভাবে হারায় বাংলাদেশ। প্রথম টেস্টের পর দ্বিতীয় ম্যাচের উইকেট নিয়েই আলোচনা আরও বেড়েছে।
ম্যাকাইয়ের উইকেট নিয়ে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিন অবশ্য আশাবাদী। তার মতে, এখানে ভালো উইকেট তৈরি হয়। সাদা বল ও লাল বলের ক্রিকেটে পার্থক্য থাকলেও এবারও ভালো উইকেট পাওয়ার আশা করছেন তারা। উইকেটে বাউন্স থাকবে এবং এটি ফাস্ট হবে বলেও মনে করছেন গ্রিন। ম্যাকাইয়ে ফিরে আসতেও তিনি খুশি। আগে এখানে খেলার অভিজ্ঞতা তার ভালো ছিল এবং ভেন্যুটির সুযোগ-সুবিধাকেও বিশ্বমানের বলে উল্লেখ করেছেন তিনি।
গ্রেট ব্যারিয়ার রিফ এরিনায় আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাস অবশ্য খুব বেশি পুরোনো নয়। ১৯৯২ সালের ওয়ানডে বিশ্বকাপে ভারত ও শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে এখানে আন্তর্জাতিক ক্রিকেটের শুরু। তবে বৃষ্টির কারণে ম্যাচটি মাত্র দুই বল গড়িয়েছিল।
এরপর দীর্ঘ বিরতির পর গত বছরের আগস্টে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দুটি ওয়ানডে অনুষ্ঠিত হয় এই মাঠে। সব মিলিয়ে ৩৪ বছরে এখানে আন্তর্জাতিক ম্যাচ হয়েছে মাত্র তিনটি।
এবার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্ট দিয়ে টেস্ট ক্রিকেটে অভিষেক হচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফ এরিনার। এর আগে এখানে প্রথম শ্রেণির ও লিস্ট ‘এ’ ক্রিকেট অনুষ্ঠিত হলেও এখনো কোনো টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করা হয়নি।
অচেনা ভেন্যু, সীমিত আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং অজানা উইকেট—সব মিলিয়ে ম্যাকাইয়ে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্ট ঘিরে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।