
এদিন বাংলাদেশ সময় বেলা ১টা ৫০ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম আউন্সপ্রতি ০ দশমিক ৭ শতাংশ কমে ৪ হাজার ৪৮৮ দশমিক ১৯ ডলারে নেমে আসে। এর আগে গত বুধবার (১৯ আগস্ট) স্বর্ণের দাম ৪ শতাংশেরও বেশি বৃদ্ধির পর আউন্সপ্রতি ৪ হাজার ৫২৫ দশমিক ৭৯ ডলারে পৌঁছেছিল, যা গত ২ জুনের পর সর্বোচ্চ। তবে মার্কিন গোল্ড ফিউচারসের দাম আউন্সপ্রতি ৪ হাজার ৫৪৬ দশমিক ৩০ ডলারে স্থিতিশীল রয়েছে।
টেস্টিলাইভ-এর গ্লোবাল ম্যাক্রো প্রধান ইলিয়া স্পিভাক বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘স্পষ্টতই (স্বর্ণের বাজারে) বড় ধরনের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গিয়েছিল। আর এ ধরনের বড় উল্লম্ফনের পর বাজার পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় তো লাগবেই।’
তিনি আরও বলেন, ‘চার হাজার ৪০০ থেকে চার হাজার ৫০০ ডলারের বাধা অতিক্রম করা সম্ভব হয়েছে। দাম যদি এই সীমার ওপরে অবস্থান করে, তবে ঊর্ধ্বমুখী এ প্রবণতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।’
অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম ০ দশমিক পাঁচ শতাংশ কমে আউন্সপ্রতি ৬৬ দশমিক ৬০ ডলারে নেমেছে। এ ছাড়া প্ল্যাটিনামের দাম এক দশমিক ছয় শতাংশ কমে এক হাজার ৭৯৪ দশমিক ৯১ ডলার এবং প্যালাডিয়ামের দাম ০ দশমিক পাঁচ শতাংশ কমে এক হাজার ৩২৫ দশমিক ৯৪ ডলারে দাঁড়িয়েছে।
এদিকে দেশের বাজারে এখন ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের গহনার দাম পড়ছে দুই লাখ ৪০ হাজার ৬২৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ২৯ হাজার ৭৮১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম এক লাখ ৬১ হাজার ১৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে।