
ফাইল ছবি
আগামী ২৮ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে নারী এশিয়া কাপ ক্রিকেট। এরপর ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর জাপানে বসবে এশিয়ান গেমসের আসর। তবে নারী ক্রিকেটের লড়াই শুরু হবে ১৭ সেপ্টেম্বর থেকেই।
দুটি বড় টুর্নামেন্টকে সামনে রেখে প্রস্তুতি শেষ করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দেশ ছাড়ার আগে বুধবার মিরপুরে অনুষ্ঠিত হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের অফিসিয়াল ফটোসেশন।
২০১৮ সালে ভারতকে হারিয়ে নারী এশিয়া কাপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। সেটিই এখন পর্যন্ত দেশের নারী ক্রিকেটের অন্যতম বড় অর্জন। তবে এরপরের কয়েকটি আসরে শেষ চারের বাধা পেরোতে পারেনি নিগার সুলতানার দল।
এবার সেই ইতিহাস ফেরানোর স্বপ্ন দেখছে টাইগ্রেসরা। শ্রীলঙ্কায় কন্ডিশনিং ক্যাম্প ও দুটি প্রস্তুতি ম্যাচ খেলে দল বেশ ভালোভাবে প্রস্তুত হয়েছে বলে জানিয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
এশিয়া কাপের গ্রুপ পর্বে থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ। কঠিন প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের সেরাটা দিয়ে শিরোপা পুনরুদ্ধার করতে চায় দলটি।
সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপের লড়াই শেষে সরাসরি জাপানে এশিয়ান গেমসে অংশ নেবে জ্যোতির দল। সেখানেও নারী ক্রিকেটে সেরা হওয়ার লক্ষ্য বাংলাদেশের।
দুটি বড় আসর সামনে রেখে নিজেদের প্রস্তুতি ও সামর্থ্যের সর্বোচ্চটা কাজে লাগাতে চান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
আগামী ২৬ আগস্ট রাতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এরপর শুরু হবে এশিয়া কাপের শিরোপা পুনরুদ্ধারের মিশন।