
সংক্ষেপে উত্তর হলো, ফাস্ট চার্জিং নিজে থেকেই ফোনের ব্যাটারি নষ্ট করে না। তবে দ্রুত চার্জ করার সময় উৎপন্ন অতিরিক্ত তাপ দীর্ঘমেয়াদে ব্যাটারির সক্ষমতা কমিয়ে দিতে পারে।
ব্যাটারি কেন ধীরে ধীরে দুর্বল হয়? বর্তমান স্মার্টফোনে সাধারণত লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়। ফোন চার্জ করার সময় ব্যাটারির ভেতরে লিথিয়াম আয়ন এক দিক থেকে অন্য দিকে সঞ্চালিত হয়। ফোন ব্যবহারের সময় এই প্রক্রিয়া বিপরীত দিকে ঘটে এবং শক্তি সরবরাহ করে।
চার্জ ও ডিসচার্জের এই প্রক্রিয়ায় স্বাভাবিকভাবেই কিছুটা তাপ উৎপন্ন হয়। দ্রুত চার্জিংয়ের সময় ফোন তুলনামূলক বেশি গরম হতে পারে। দীর্ঘদিন অতিরিক্ত তাপের সংস্পর্শে থাকলে ব্যাটারির কার্যক্ষমতা ধীরে ধীরে কমে যেতে পারে।
তবে আধুনিক স্মার্টফোনের ব্যাটারি আগের তুলনায় অনেক উন্নত। নির্মাতারা ব্যাটারি ব্যবস্থাপনায় বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করছে, যাতে একাধিক চার্জ সাইকেল পার করার পরও ব্যাটারি দীর্ঘ সময় ভালো পারফরম্যান্স দিতে পারে।
ফাস্ট চার্জিং কতটা নিরাপদ? ফোন ও চার্জার যদি নির্মাতার নির্ধারিত প্রযুক্তি ও নিরাপত্তাব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, তাহলে ফাস্ট চার্জিং সাধারণত নিরাপদ। আধুনিক স্মার্টফোনে চার্জিংয়ের সময় তাপমাত্রা, ভোল্টেজ ও পাওয়ার নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকে। ব্যাটারির তাপমাত্রা অতিরিক্ত বেড়ে গেলে অনেক ফোন স্বয়ংক্রিয়ভাবে চার্জিংয়ের গতি কমিয়ে দেয়।
তবে চার্জ দেওয়ার সময় ফোন অস্বাভাবিকভাবে গরম হয়ে গেলে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা উচিত।
যেসব বিষয়ে সতর্ক থাকবেন ফোনের ব্যাটারি ভালো রাখতে কয়েকটি বিষয় এড়িয়ে চলা জরুরি—
তাহলে ফাস্ট চার্জিং কি এড়িয়ে চলতে হবে? ফাস্ট চার্জিং নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। ফোনের ব্যাটারির জন্য সবচেয়ে বড় ঝুঁকি শুধু দ্রুত চার্জিং নয়, বরং দীর্ঘ সময় অতিরিক্ত তাপের সংস্পর্শে থাকা।
তাই মানসম্মত ও সামঞ্জস্যপূর্ণ চার্জার ব্যবহার এবং চার্জ দেওয়ার সময় ফোন অতিরিক্ত গরম না হতে দেওয়াই ব্যাটারির দীর্ঘস্থায়িত্বের জন্য বেশি গুরুত্বপূর্ণ। আধুনিক স্মার্টফোনের নিরাপত্তাব্যবস্থা ঠিকভাবে কাজ করলে দৈনন্দিন ব্যবহারে ফাস্ট চার্জিং সাধারণত বড় ধরনের ঝুঁকি তৈরি করে না।
সূত্র: পিসি ম্যাগ