
নতুন বেতনকাঠামো বাস্তবায়নের সুপারিশ চূড়ান্ত করতে গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে সভাপতি করে ১০ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটি নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা করে চূড়ান্ত প্রস্তাব তৈরি করেছে।
এর আগে ২০২৫ সালের ২৭ জুলাই ২৩ সদস্যের নবম জাতীয় বেতন কমিশন গঠন করা হয়। কমিশন চলতি বছরের ২১ জানুয়ারি প্রতিবেদন জমা দেয়। এতে বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে বেতন-ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়।
কমিশনের প্রস্তাবে সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার এবং সর্বোচ্চ ৭৮ হাজার থেকে ১ লাখ ৬০ হাজার টাকা করার কথা বলা হয়। এ জন্য অতিরিক্ত প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকা প্রয়োজন হবে বলে জানানো হয়।
তবে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন কমিটি বেতন বৃদ্ধির হার ১০০ শতাংশের বেশি না রাখার সুপারিশ করেছে। আর্থিক সক্ষমতা বিবেচনায় নতুন কাঠামো ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে।
অর্থ মন্ত্রণালয় সূত্র বলছে, নতুন কাঠামো ১ জুলাই থেকে কার্যকর ধরা হলেও বর্ধিত বেতন ও ভাতা পর্যায়ক্রমে দেওয়া হতে পারে।