
রয়টার্সের তথ্য অনুযায়ী, মঙ্গলবার স্পট গোল্ডের দাম ১ দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৩৬৯.২৪ ডলারে নেমে এসেছে। এটি ১৯ আগস্টের পর স্বর্ণের সর্বনিম্ন দাম।
এদিকে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার্সের দাম ১ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৪১৮ ডলারে দাঁড়িয়েছে।
বাজার বিশ্লেষকদের নজর এখন যুক্তরাষ্ট্রের শ্রমবাজারের পরিসংখ্যানের দিকে। শ্রমবাজারের শক্তিশালী বা দুর্বল পরিস্থিতি ফেডের সুদের হার সংক্রান্ত সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে। উচ্চ ট্রেজারি ইয়েল্ড সাধারণত সুদবিহীন সম্পদ স্বর্ণের আকর্ষণ কমিয়ে দেয়, যার ফলে স্বর্ণের দামে চাপ তৈরি হয়েছে।
এদিকে বাংলাদেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে চার হাজার ৭২৩ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে দুই লাখ ৩৫ হাজার ৯০৪ টাকা।
সোমবার (৩১ আগস্ট) সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেট স্বর্ণের দাম দুই লাখ ৩৫ হাজার ৯০৪ টাকা। ২১ ক্যারেট স্বর্ণ দুই লাখ ২৫ হাজার ৬৪০ টাকা, ১৮ ক্যারেটের এক লাখ ৯৩ হাজার ৭৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম এক লাখ ৫৮ হাজার ২৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।
সূত্র: রয়টার্স