
ফাইল ছবি
নিহত সোহান উপজেলার উত্তর উজিরপুর সাত্তার এলাকার সেলিম রেজার ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলো।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে সহপাঠীদের সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে নামে সোহান। একপর্যায়ে তার হাত থেকে একটি প্লাস্টিকের বোতল পানিতে পড়ে গেলে সেটি তুলতে গিয়ে সে গভীর পানিতে তলিয়ে যায়। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় ১৫ থেকে ২০ মিনিট পর তাকে উদ্ধার করে দ্রুত শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. অন্তর আহসান বলেন, হাসপাতালে আনার সময় শিশুটিকে মৃত অবস্থায় পাওয়া যায়। এরপরও তাকে বাঁচানোর জন্য প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হয়। পরে ইসিজি পরীক্ষার মাধ্যমে তার মৃত্যু নিশ্চিত করা হয়।
সোহানের মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।
স্থানীয়রা বলেন, বর্ষা মৌসুমে নদীতে পানির স্রোত ও গভীরতা বেড়ে যায়। এ সময় শিশুদের নদীতে গোসলের ক্ষেত্রে অভিভাবকদের আরও সতর্ক হওয়া প্রয়োজন। বিশেষ করে সাঁতার না জানা শিশুদের নদীতে একা কিংবা সহপাঠীদের সঙ্গে গোসল করতে না দেওয়ার আহ্বান জানান তারা।