
গ্রুপ পর্বে বাংলাদেশ প্রথম ম্যাচে ইন্দোনেশিয়াকে ৭১ রানে হারিয়েছে। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ব্যাটারদের মূল দায়িত্ব পালন করতে হবে। ইন্দোনেশিয়ার দুর্বল বোলিংয়ের বিপক্ষে সোবহানা মোস্তারি ৪০, স্বর্ণা আকতার অপরাজিত ৩১ এবং দিলারা আকতার ২৭ রান করলেও অন্যেরা হতাশ করেছেন।
বল হাতে নাহিদা আকতার তিনটি, মারুফা আকতার দুটি উইকেট নিয়ে সফলতা দেখিয়েছেন। সেমিফাইনালে ভারতকে এড়াতে লংকানদের বিপক্ষে টাইগ্রেসদের জয় খুব গুরুত্বপূর্ণ। তবে লংকান বোলিং আক্রমণ শক্তিশালী। ডানহাতি অফব্রেক বোলার চামারি আতাপাত্তু দুই ম্যাচে ৮ উইকেট নিয়েছেন। শ্রীলঙ্কা প্রথম দুই ম্যাচে আরব আমিরাতকে ৯ উইকেটে এবং ইন্দোনেশিয়াকে ৭৫ রানে হারিয়ে সেমিফাইনালে উঠে গেছে।
‘এ’ গ্রুপে ভারত টানা তিন জয় নিয়ে সেমিতে উঠেছে। শনিবার ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫৫ রানে অলআউট করে জয় তাদের ৭ উইকেটে। প্রথম দুই ম্যাচে থাইল্যান্ডকে ৯৪ রানে, হংকংকে ১৩৭ রানে হারিয়েছে রেকর্ড সাতবারের চ্যাম্পিয়নরা। আগের ৯ আসরে বাংলাদেশ ২০১৮ সালে, শ্রীলঙ্কা ২০২৪ সালে একবার এই ট্রফির স্বাদ নিয়েছে।