
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সকাল পৌনে ১০টার দিকে পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে রো-রো ফেরি ‘হামিদুর রহমান’। মাঝ নদীতে পৌঁছানোর পর ফেরিটি তীব্র স্রোতের কবলে পড়ে। একই সময় ফেরিটিতে যান্ত্রিক ত্রুটিও দেখা দেয়। ফলে স্রোতের টানে ফেরিটি ভাটির দিকে কয়েক কিলোমিটার ভেসে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফেরিটি নদীতে নোঙর করে রাখা হয়। পরে উদ্ধারের জন্য আইটি জাহাজ পাঠানো হয়। পরে ফেরিটিতে থাকা ৮টি যাত্রীবাহী বাস, ৪টি ট্রাক ও ৩টি প্রাইভেটকারসহ নিরাপদে ঘাটে ফিরিয়ে আনা হয়।
বিআইডব্লিউটিসির এই কর্মকর্তা বলেন, পদ্মায় মাঝেমধ্যে তীব্র স্রোতের কারণে এ ধরনের ঘটনা ঘটে। আইটি জাহাজের সহায়তায় ফেরিটি উদ্ধার করে নিরাপদে দৌলতদিয়া ঘাটে নিয়ে আসা হয়েছে।
ফেরিতে থাকা যাত্রী ও যানবাহনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানান তিনি।