
সার্কুলারে তফসিলি ব্যাংকগুলোকে বলা হয়েছে, ব্যাংকের ঋণগ্রহীতাদের নেওয়া বা নিতে যাওয়া ঋণের বিপরীতে দেওয়া জামানতের মূল্যায়ন তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে করতে হবে। এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত নীতিমালায় উল্লেখ করা নির্দেশনা অনুসরণ করতে হবে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, নতুন তালিকাভুক্তির মেয়াদ হবে তিন বছর। মেয়াদ শেষ হওয়ার ছয় মাস আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে পুনরায় তালিকাভুক্তির জন্য আবেদন করতে হবে।
তবে তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর জন্য কিছু শর্তও নির্ধারণ করা হয়েছে। সার্কুলারে দেওয়া শর্ত ও নির্দেশনা যথাযথভাবে পালন করতে ব্যর্থ হলে সেই প্রতিষ্ঠানকে তালিকা থেকে বাদ দিতে পারবে বাংলাদেশ ব্যাংক। এ ছাড়া যৌক্তিক কোনো কারণ থাকলেও তিন বছর মেয়াদ শেষ হওয়ার আগেই যেকোনো সময় যেকোনো প্রতিষ্ঠানকে অ-তালিকাভুক্ত করার ক্ষমতা কেন্দ্রীয় ব্যাংকের থাকবে।
বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগের ফলে ব্যাংক ঋণের বিপরীতে রাখা জামানতের মূল্যায়ন কার্যক্রম আরও কাঠামোবদ্ধ হবে।