
আল-বায়দার অর্গানাইজেশন ফর দ্য ডিফেন্স অব হিউম্যান রাইটস জানিয়েছে, বসতিস্থাপনকারীরা ওই ফিলিস্তিনি ব্যক্তি ও তার সন্তানদের ওপর হামলা চালিয়ে আহত করে। তবে তাদের আঘাতের ধরন বা হাসপাতালে নেওয়া হয়েছে কি না, তা জানানো হয়নি।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বাইতার আল-দাহরা ও সাহল আল-হারা আল-তাহতাহ এলাকায় কয়েকটি ফিলিস্তিনি বাড়িতে হামলা চালানো হয়। পরে সেখান থেকে বেশ কয়েকটি ভেড়া নিয়ে যায় হামলাকারীরা। চুরির ঘটনাটি ফিলিস্তিনিরা ভিডিও করে রাখেন, যা আনাদোলুর হাতে এসেছে।
ইসরায়েলি বাহিনীর সুরক্ষায় পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর হামলা, তাদের সম্পত্তি ক্ষতিগ্রস্ত করা এবং গবাদিপশু চুরির ঘটনা ক্রমেই বাড়ছে। এর মধ্যেই নতুন করে এই হামলার ঘটনা ঘটল।
ফিলিস্তিনি সরকারি তথ্য অনুযায়ী, আগস্ট মাসে পশ্চিম তীরে বসতিস্থাপনকারীরা মোট ৬২৮টি হামলা চালিয়েছে। এর মধ্যে রামাল্লাহ ও আল-বিরেহতে ১৫৭টি, নাবলুসে ১৩৭টি, হেবরনে ১২০টি, বেথলেহেমে ৭৩টি, তুবাসে ৪০টি, জেনিনে ৩৬টি এবং জেরুজালেমে ৩১টি হামলা হয়েছে।
জাতিসংঘের কয়েকজন বিশেষ প্রতিবেদক সতর্ক করে বলেছেন, দখলকৃত অঞ্চলে ইসরায়েলি রাষ্ট্রের সমর্থন ও সহযোগিতায় বসতিস্থাপনকারীদের সহিংসতা যেভাবে বাড়ছে, তা ফিলিস্তিনি জনগোষ্ঠীর অস্তিত্বের জন্য বড় ধরনের হুমকি তৈরি করছে।
দখলকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ১৯৪টি অবৈধ বসতি এবং প্রায় ৪০০টি বসতি-ফাঁড়িতে আনুমানিক ৭ লাখ ৫০ হাজার ইসরায়েলি বসতিস্থাপনকারী বসবাস করছে। ফিলিস্তিনিদের তাদের নিজ ভূমি থেকে উচ্ছেদের লক্ষ্যেই প্রায় প্রতিদিন এসব হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ রয়েছে। সূত্র: মিডল ইস্ট মনিটর