
ফাইল ছবি
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতে পর্যায়ক্রমে দেশের ৫০৩টি উপজেলায় উপজেলা ক্রীড়া কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভা খুঁজে বের করে তাদের জাতীয় পর্যায়ে নিয়ে আসার উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও জানান, চলতি মাসের মধ্যে ৫০০ জনকে ক্রীড়া ভাতার আওতায় আনা হবে। পাশাপাশি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর প্রথম আসরে জাতীয় পর্যায়ে ভালো করা খেলোয়াড়দের নিয়ে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) দুই মাসব্যাপী প্রশিক্ষণ আয়োজন করা হবে।
আমিনুল হক বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়; এর মধ্য দিয়ে সামাজিক, রাষ্ট্রীয় ও রাজনৈতিক পরিবর্তনও সম্ভব। তরুণদের সঠিক পথে পরিচালিত করা এবং তাদের মেধা ও প্রতিভার বিকাশে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তিনি বলেন, সরকার ক্রীড়াঙ্গনের উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে। তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় তৈরি করে তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।