
জারি করা সতর্কবার্তায় সরকারের সুরক্ষা নির্দেশিকা মেনে চলার নির্দেশনাও দেওয়া হয়েছে। বাসিন্দাদের শান্ত থাকার পরামর্শের পাশাপাশি অবিলম্বে নিকটস্থ নিরাপদ আশ্রয় স্থানে যেতে বলা হয়েছে। বিশেষ করে জানালা থেকে দূরে কোনো ভবনের ভেতরের কক্ষে অবস্থান নিতে এবং বিপদ না কাটা পর্যন্ত সেখানেই অবস্থান করতে বলা হয়েছে।
এ ছাড়া খোলা জায়গা, জানালা, ব্যালকনি ও ছাদ থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে সিভিল ডিফেন্স। বাইরে থাকা ব্যক্তিদের দ্রুত নিকটস্থ ভবনে ঢুকতে বা কোনো মজবুত কিছুর পেছনে আশ্রয় নিতে বলা হয়েছে।
গাড়িচালকদের সতর্কবার্তা পাওয়া মাত্রই সেতু ও উঁচু ভবন থেকে দূরে গাড়ি থামানোর নির্দেশ দেয়া হয়। একই সঙ্গে, সাধারণ মানুষকে জনসমাগম ও ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে অফিসিয়াল মাধ্যমের নির্দেশাবলী অনুসরণের আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি সৌদি আরব ও ইয়েমেনের হুথি গোষ্ঠীর মধ্যে সংঘাত বেড়েছে। এতে সৃষ্ট উত্তেজনার মধ্যেই এই সতর্কতা জারি করা হলো। গত কয়েক দিনে হুথিরা সৌদি শহর ও অবকাঠামো লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। যার জবাবে সৌদি বাহিনীও ইয়েমেনে হুথিদের লক্ষ্যবস্তুতে একাধিক হামলা চালায়।
সূত্র: আনাদোলু এজেন্সি