
শুক্রবারের আদেশে অরূপ রায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীকে ‘ডেমোক্রেটিক তৃণমূল কংগ্রেস’ নাম ও ‘খাম’ প্রতীক দেওয়া হয়েছে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠী পেয়েছে ‘মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ নাম এবং ‘ফুটবল খেলোয়াড়’ প্রতীক।
নির্বাচন কমিশন জানিয়েছে, পশ্চিমবঙ্গ, মেঘালয় ও ত্রিপুরায় উভয় গোষ্ঠীকে স্বীকৃত রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করা হবে। তবে এই নাম ও প্রতীক বরাদ্দ সাময়িক। কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এ ব্যবস্থা কার্যকর থাকবে।
এর আগে বৃহস্পতিবার অন্তর্বর্তী আদেশে ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ নাম ও ‘ফুল ও ঘাস’ প্রতীক সাময়িকভাবে স্থগিত করা হয়। ফলে আসন্ন উপনির্বাচনে কোনো পক্ষই পুরোনো নাম বা প্রতীক ব্যবহার করতে পারবে না।
কমিশন জানিয়েছে, রেজিনগর, নন্দীগ্রাম ও নাগাঁওয়ে দুই গোষ্ঠীর অনুমোদিত প্রার্থীদের নতুন দলীয় নাম ও প্রতীকের অধীনেই বিবেচনা করা হবে। এ ক্ষেত্রে ১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ৩৬ নম্বর ধারার শর্ত পূরণ করতে হবে।
তৃণমূলের অভ্যন্তরীণ বিরোধের কেন্দ্রে রয়েছে সাংগঠনিক কর্তৃত্ব, ন্যাশনাল ওয়ার্কিং কমিটির বৈধতা এবং দলীয় পদাধিকারী নিয়োগের প্রশ্ন। অরূপ রায়ের গোষ্ঠী দাবি করছে, বর্তমান ন্যাশনাল ওয়ার্কিং কমিটির মেয়াদ ২০২৫ সালের ১১ ফেব্রুয়ারি শেষ হয়েছে। অন্যদিকে মমতার গোষ্ঠী প্রতিদ্বন্দ্বী পক্ষের সাংগঠনিক প্রক্রিয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে। সূত্র: আনন্দবাজার, রেডিফ ডটকম