
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বাতিল হয়ে যাওয়া প্রাইভেট ইক্যুইটি পরিকল্পনাকে ঘিরে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যে চলমান মতবিরোধের সর্বশেষ ঘটনা এটি।
ইনফান্তিনোর প্রস্তাবিত ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই) পরিকল্পনার আওতায় বিশ্বকাপসহ ফিফার সব প্রতিযোগিতার বাণিজ্যিক ও টিকিট বিক্রির স্বত্ব পরিচালনার জন্য নতুন একটি কোম্পানি গঠনের কথা ছিল। ওই কোম্পানির ২১ শতাংশ মালিকানা একটি বিনিয়োগ প্রতিষ্ঠানের কাছে বিক্রি করার পরিকল্পনাও ছিল।
বিশ্বের বিভিন্ন জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশনের ব্যাপক বিরোধিতার মুখে চার দিনের মধ্যেই পরিকল্পনাটি বাতিল করা হয়।
বিবিসি স্পোর্টের হাতে আসা চিঠিতে উয়েফা সভাপতি আলেক্সান্ডার চেফেরিন ও কনকাকাফ সভাপতি ভিক্টর মন্টাগ্লিয়ানি স্বাক্ষর করেছেন। চিঠিতে বলা হয়েছে, ২০২৩-২৬ চক্র শেষে ফিফার রিজার্ভ প্রায় ৬০০ কোটি ডলারে পৌঁছাবে। ২০৩০ সালের পুরুষ বিশ্বকাপ পর্যন্ত ফিফার প্রয়োজনের তুলনায় এই অর্থ ‘উল্লেখযোগ্যভাবে বেশি’ বলেও উল্লেখ করা হয়েছে।
চিঠিতে ফিফাকে ২০২৭-৩০ চক্রে প্রতিটি সদস্য অ্যাসোসিয়েশনের জন্য অন্তত ১ কোটি ডলার বরাদ্দ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এই অর্থ অবকাঠামো উন্নয়ন ও ফুটবলের বিকাশে ব্যবহারের কথা বলা হয়েছে।
রিজার্ভ থেকে এককালীন এই অর্থ ছাড় করতে ফিফার প্রায় ২১১ কোটি ডলার খরচ হবে। নিয়মিত অর্থায়নের পাশাপাশি অতিরিক্ত হিসেবে এই অর্থ দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
এ ছাড়া পরিকল্পনায় সম্মতি দিলে প্রাথমিকভাবে ২ কোটি ডলার পাওয়ার সুযোগ দিতে ফিফার সদস্য ফেডারেশনগুলোকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন ইনফান্তিনো।
তারা বলেন, এই বিশ্লেষণে ‘ইচ্ছাকৃতভাবে রক্ষণশীল’ হিসাব ব্যবহার করা হয়েছে। বছর শেষে ফিফার প্রকৃত আর্থিক অবস্থান জানা গেলে রিজার্ভ থেকে আরও বড় অঙ্কের অর্থ সদস্যদের মধ্যে বণ্টনের বিষয়টি ফিফা কাউন্সিলের বিবেচনা করা উচিত।
চিঠিতে ফিফার আর্থিক ব্যবস্থাপনার ওপর একটি ‘স্বাধীন পর্যালোচনা’ করারও আহ্বান জানানো হয়েছে। এতে ফিফার আর্থিক হিসাবের মূল তথ্য ও ব্যবহৃত অনুমানগুলো সম্পূর্ণভাবে পর্যালোচনার সুযোগ রাখার কথা বলা হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, ফিফার কাছে বর্তমানে কয়েকশ কোটি ডলারের সঞ্চিত রিজার্ভ রয়েছে। এই অর্থ ফুটবলের এবং ফিফার ২১১ সদস্য অ্যাসোসিয়েশনের স্বার্থে ব্যবহারের জন্যই রাখা হয়েছে।
চিঠিতে বলা হয়, রিজার্ভের পরিমাণ যদি ফিফার ভবিষ্যৎ প্রয়োজনের তুলনায় বেশি হয়, তাহলে এর একটি অংশ দায়িত্বশীলভাবে সদস্যদের মধ্যে বিতরণ করা যায় কি না, তা বিবেচনা করা উচিত।
উয়েফা ও কনকাকাফের দুই সভাপতি আরও বলেন, রিজার্ভের একটি অংশ ছাড় করলে সদস্য অ্যাসোসিয়েশনগুলোকে ফুটবল উন্নয়ন ও সুশাসনের মধ্যে, বিনিয়োগ ও সততার মধ্যে কিংবা আর্থিক সহায়তা গ্রহণ ও প্রস্তাবগুলো স্বাধীনভাবে মূল্যায়নের মধ্যে কোনো একটি বেছে নিতে হবে না।
তাদের ভাষায়, ফুটবলের উন্নয়ন ফিফার প্রাতিষ্ঠানিক দায়িত্ব—কোনো ব্যক্তির ইচ্ছা বা বিবেচনার বিষয় নয়।
এদিকে বিবিসি স্পোর্টের দেখা আরেকটি চিঠিতে এশিয়া, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা ও ওশেনিয়া অঞ্চলের ফুটবল কনফেডারেশনগুলোর সভাপতিদেরও এই প্রস্তাব সমর্থনের আহ্বান জানানো হয়েছে।
ফিফার ভাইস প্রেসিডেন্ট হিউইট আরও বলেন, বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুনের স্থগিতাদেশ বাতিলের সিদ্ধান্তের বিষয়েও ফিফা কাউন্সিলকে লিখিত ব্যাখ্যা দিতে হবে।
৫৬ বছর বয়সী ইনফান্তিনো আগামী মার্চে চতুর্থবারের মতো ফিফা সভাপতি পদে নির্বাচনে অংশ নেবেন। তার প্রতিদ্বন্দ্বীরা বিকল্প প্রার্থী খুঁজে নেওয়ার জন্য ১৮ নভেম্বর পর্যন্ত সময় পাবেন।