
সোনার পদকের স্বপ্ন গুঁড়িয়ে গেছে আগেই। ব্রোঞ্জ ধরে রাখার আশা অন্তত ছিলো। সেই লক্ষ্য নিয়ে নিশিনের করোগি স্পোর্টস পার্কে বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ছয়টায় পাকিস্তানের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচ খেলতে নামে টাইগ্রেসরা।
গত এশিয়ান গেমসে বাংলাদেশের কাছে ব্রোঞ্জ হারানো পাকিস্তান টস জিতে ব্যাটিং নিয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৫ রানের চ্যালেঞ্জিং পূঁজি গড়ে। অধিনায়ক ফাতিমা সানা সাত নম্বরে নেমে তিনটি করে চার-ছক্কায় দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন। ওপেনার গুল ফিরোজার ব্যাট থেকে আসে ২৩ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান।
টাইগ্রেস বোলিংয়ে নাহিদা আক্তার, স্বর্ণা আক্তার এবং রিতু মনি দুটি করে উইকেট পান। রান তাড়ার বাংলাদেশ পারেনি সম্ভাবনাও জাগাতে। টানা ব্যাটিং ব্যর্থতার চক্রে থাকা দল পুরো ২০ ওভার খেলে করতে পারে ১১৪ রান।
পাঁচে নেমে শারমিন আক্তার ৪৫ বলে চার ছক্কায় ৪৬ রানে অপরাজিত থেকে কেবল হারের ব্যবধানটাই কমাতে পেরেছেন। অধিনায়ক জ্যোতি ৩০ বলে করেন ২৫ রান। পাকিস্তানের বোলিংয়ে অফ স্পিনার উম্মে-ই-হানি ১০ রানে তিন উইকেট নিয়ে সেরা সাফল্য পান।