
বার্তাসংস্থা আনাদোলু বলছে, এক বিবৃতিতে ফ্লাইদুবাইয়ের এক মুখপাত্র বলেন, ‘৩০ সেপ্টেম্বর এফজেড১০৭৩ ফ্লাইটে ঘটে যাওয়া ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তদন্ত চলাকালে ইসরাইলগামী ও ইসরাইল থেকে আসা ফ্লাইট স্থগিত করা হয়েছে।’
বিমান সংস্থাটি জানিয়েছে, সাময়িক এই স্থগিতাদেশের ফলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত চালিয়ে যেতে এবং ‘ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সব তথ্য ও পরিস্থিতি নিশ্চিত’ করতে পারবে। বিবৃতিতে আরও বলা হয়, ‘আমাদের যাত্রী, ক্রু ও কার্যক্রমের নিরাপত্তা এবং কল্যাণই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’
ফ্লাইদুবাই জানিয়েছে, তারা সরকারি কর্তৃপক্ষ, নিয়ন্ত্রক সংস্থা এবং বিমানবন্দর সংশ্লিষ্টদের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করে কাজ করছে। আরও তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে ফ্লাইট স্থগিতের সিদ্ধান্ত পর্যালোচনা করা হবে।
এর আগে বুধবার দুবাই থেকে তেল আবিবের উদ্দেশে ১৭৪ যাত্রী নিয়ে ছেড়ে যাওয়া এফজেড১০৭৩ ফ্লাইটটি ককপিটে সংঘর্ষের ঘটনার পর সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাবুক শহরের প্রিন্স সুলতান বিন আবদুলআজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।