
গত ১৮ অক্টোবর যুক্তরাষ্ট্রে বসবাসরত চীনা ভিন্নমতাবলম্বী ওয়ানজুন শিয়ে এক্স-এ পোস্ট করে দাবি করেন, কিম জং উনের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। তিনি কোমায় চলে গেছেন। পরে তাকে বেইজিংয়ে নেওয়া হয় এবং সেখানেই তিনি মারা যান। তার এই পোস্টটিকে লুফে নেয় ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান, নিউ ইয়র্ক পোস্ট এবং ভারতের ইকোনমিক টাইমস। এরপরই মুহূর্তের মধ্যে গুজবটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।
তবে চাঞ্চল্যকর এই দাবির পক্ষে ওয়ানজুন শিয়ে কোনো ধরনের মেডিকেল রিপোর্ট, ছবি বা প্রমাণ হাজির করতে পারেননি। এর আগেও তিনি চীনা প্রেসিডেন্ট শি জিন পিং-এর মৃত্যু নিয়ে একই ধরনের ভুয়া খবর ছড়িয়েছিলেন বলে জানা গেছে।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কিমের হাসপাতালে শুয়ে থাকার ছবিটি এআই দিয়ে তৈরি বলে প্রমাণিত হয়েছে। আর মৃত্যুর ঘোষণার যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেটি আসলে ২০১১ সালের পুরনো ফুটেজ— সেখানে উত্তর কোরিয়ার সংবাদ পাঠিকা কিমের বাবা কিম জং ইলের মৃত্যুর ঘোষণা দিচ্ছিলেন। সেই পুরনো ভিডিওকেই নতুন বলে চালিয়ে দেওয়া হয়।
২৩ অক্টোবর দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা (এনআইএস) দেশটির পার্লামেন্টকে স্পষ্ট জানিয়ে দেয়, কিম জং উনের মৃত্যুর খবর সম্পূর্ণ মিথ্যা। তাদের কাছে এ ব্যাপারে কোনো তথ্য নেই।