
এর আগে, গত ২ নভেম্বর দুই দলের মধ্যকার ম্যাচের শেষ মুহূর্তে ডি মিগেলের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ২৫ বছর বয়সী ওয়োনো লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ঘটনার পরের দিনই ৩০ বছর বয়সী ফরোয়ার্ড হেসুস ডি মিগেল মারা যান।
ডিসিপ্লিনারি কমিটি জানিয়েছে, রেফারি তার প্রতিবেদনে যা উল্লেখ করেছেন, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তারা সেটির ওপরই ভিত্তি করেছেন। রেফারি প্রতিবেদনে লিখেছেন, বল খেলার মধ্যেই ওই খেলোয়াড় অতিরিক্ত শক্তি প্রয়োগ করে এবং হিংসাত্মকভাবে প্রতিপক্ষের বুকে পা দিয়ে আঘাত করেছেন।
কমিটির মতে, ঘটনার প্রকৃতি ও পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় এই ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি দেওয়াই যৌক্তিক।
এদিকে ফুটবল ফেডারেশন সিদ্ধান্ত নিয়েছে যে, ম্যাচটি নির্ধারিত সময়ের সাত মিনিট আগে যখন বন্ধ করা হয়, তখন স্কোরলাইন যেমন ছিল সেভাবেই ম্যাচটি শেষ বলে গণ্য হবে এবং তা পুনরায় খেলা হবে না।
ফেডারেশনের এক কমিটি জানিয়েছে, অস্বাভাবিক ও মর্মান্তিক এই পরিস্থিতিতে এটিই সবচেয়ে সম্মানজনক পদক্ষেপ, যার ফলে ঠিক ওই ট্র্যাজেডির মুহূর্ত থেকে ম্যাচটি পুনরায় শুরু করার প্রয়োজন পড়ল না।
ঘটনার সময় দুই দলই ২-২ গোলে সমতায় ছিল এবং এখন এই ড্রয়ের ফলাফলই চূড়ান্ত বলে গণ্য হবে।
এদিকে গোলরক্ষকের ক্লাব এফসি অ্যান্ডোরার কোচ কার্লেস মানসো জানান, বিষাদময় এই ঘটনার পর ইকুয়েটোরিয়াল গিনির আন্তর্জাতিক গোলরক্ষক ওওয়োনো পেশাদার ফুটবলে ফিরবেন কি না, সে বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।
মানসো জানান, ওওয়োনো বর্তমানে তার পরিবারের সাথে সময় কাটাচ্ছেন এবং ফুটবলে ফেরার বিষয়ে তিনি সম্পূর্ণ স্বাধীন।
কোচ আরও বলেন, আমাদের দায়িত্ব হলো তাকে সর্বাত্মকভাবে সমর্থন দেওয়া এবং তার পাশে থাকা। তাকে পর্যাপ্ত সময় দেওয়া হবে, যাতে তিনি নিজের মতো করে সিদ্ধান্ত নিতে পারেন- তিনি আদৌ ফিরতে চান কি না, ফিরলে কবে ফিরবেন কিংবা না ফিরলে কী করবেন।
তিনি আরও বলেন, যখন তিনি উপযুক্ত মনে করবেন এবং মানসিকভাবে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার মতো শক্তি ফিরে পাবেন, কেবল তখনই তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।