
বুধবার (১৮ নভেম্বর) হওয়া ওই ভোটাভুটিতে প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে ১২৮টি দেশ, বিপক্ষে ৬টি এবং ভোটদানে বিরত ছিল ৩৩টি দেশ। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী মিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য তুলে ধরা হয়েছে।
বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি বলেন, গুরুতর মানবাধিকার লঙ্ঘনের মুখে মিয়ানমার থেকে বাংলাদেশে রোহিঙ্গাদের ব্যাপক বিতাড়নের ঘটনার নয় বছর পূর্ণ হচ্ছে এ বছর। অথচ এত দীর্ঘ সময়েও পরিস্থিতির কোনো অর্থবহ অগ্রগতি হয়নি। একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি। তিনি বলেন, রোহিঙ্গাদের দীর্ঘদিন ধরে বাস্তুচ্যুত অবস্থায় থাকা বাংলাদেশের ওপর বাড়তি চাপ তৈরি করছে। এতে দেশের সম্পদ ও সক্ষমতার ওপর ক্রমাগত চাপ বাড়ছে।
বৈঠকে গাম্বিয়ার প্রতিনিধি বলেন, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের জন্য আন্তর্জাতিক বিচারব্যবস্থার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আগামী ১৯ নভেম্বর গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) প্রত্যাশিত রায়ের প্রসঙ্গ তুলে ধরেন।
চলতি বছরের প্রস্তাবে মিয়ানমারের সামরিক বাহিনী এবং আরাকান আর্মির বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের অভিযোগের বিষয়টি উল্লেখ করা হয়েছে। এতে অবিলম্বে সহিংসতা বন্ধ, ক্ষতিগ্রস্তদের কাছে মানবিক সহায়তা পৌঁছানো এবং অপরাধের বিচার ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।