
জাতীয় স্টেডিয়ামে সর্বশেষ ঘরোয়া ফুটবল ম্যাচ গড়িয়েছিলো ২০২১ সালের ২০ সেপ্টেম্বর। সেদিন আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংসের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিলো। এরপর সংস্কারকাজের জন্য দীর্ঘ সময় বন্ধ রাখা হয় ভেন্যুটি। সংস্কার শেষে আন্তর্জাতিক ম্যাচ ফিরলেও ঘরোয়া আসরের কোনো খেলা সেখানে আয়োজন করা হয়নি। অবশেষে ২৪ নভেম্বর আবারও ঘরোয়া ক্লাব ফুটবলের আয়োজনে ফিরছে ঐতিহ্যবাহী মাঠটি।
২৪ নভেম্বর শুধু ঢাকাতেই নয়, দেশের আরও দুই ভেন্যুতে মাঠে গড়াবে ফেডারেশন কাপের খেলা। সেদিন মুন্সিগঞ্জে আবাহনী লিমিটেড খেলবে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের বিপক্ষে, আর মানিকগঞ্জে মুখোমুখি হবে ব্রাদার্স ইউনিয়ন ও চট্টগ্রাম সিটি এফসি।
অন্যদিকে আন্তর্জাতিক বিরতি কাটিয়ে আগামী ২৭ নভেম্বর থেকে পুনরায় শুরু হচ্ছে বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল)। ষষ্ঠ রাউন্ডের ম্যাচ দিয়ে মাঠে ফিরবে দেশের শীর্ষ ক্লাবগুলো; ওই দিন পৃথক ম্যাচে খেলতে নামবে মোহামেডান, আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংস।
সব মিলিয়ে নভেম্বরের শেষ সপ্তাহে জমজমাট হয়ে উঠছে দেশের ঘরোয়া ফুটবল। দীর্ঘ বিরতির পর জাতীয় স্টেডিয়ামে ক্লাব ফুটবল ফেরায় সমর্থকদের মাঝেও নতুন করে উচ্ছ্বাস তৈরি হয়েছে।
বিভি/একেএম/এআই