
প্রস্তাব অনুযায়ী, মন্ত্রিসভার সদস্য বা সমমর্যাদার ব্যক্তি, সংসদ সদস্য এবং স্থানীয় সরকারের প্রতিনিধিরা ব্যাংকের পরিচালক হতে পারবেন না। এমনকি ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদেও রাজনৈতিক পদধারীদের অযোগ্য ঘোষণা করার প্রস্তাব রাখা হয়েছে।
বর্তমানে একজন পরিচালক টানা সর্বোচ্চ ১২ বছর দায়িত্ব পালন করতে পারেন। নতুন খসড়ায় এই মেয়াদ কমিয়ে টানা ৬ বছর নির্ধারণ করা হয়েছে। এরপর পুনরায় নিয়োগ পেতে হলে ৩ বছরের বাধ্যতামূলক ‘কুলিং-অফ’ বা বিরতিতে থাকতে হবে। (উল্লেখ্য, ২০১৮ সালের আগে মেয়াদ ৬ বছর ছিল; ২০১৮ সালে তা ৯ বছর এবং ২০২৩ সালে ১২ বছর করা হয়েছিল।)
একই পরিবার থেকে ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিচালকের সংখ্যা ৩ জন থেকে কমিয়ে ২ জনে নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে। ২০ সদস্যের পর্ষদে ন্যূনতম স্বতন্ত্র পরিচালকের সংখ্যা ৩ জন থেকে বাড়িয়ে ৪ জন এবং ২০ জনের কম সদস্যের পর্ষদে ২ জন থেকে বাড়িয়ে ৩ জন করার কথা বলা হয়েছে। পাশাপাশি স্বতন্ত্র পরিচালকদের যোগ্যতার সংজ্ঞা আরও কঠোর করা হচ্ছে, যাতে সংশ্লিষ্ট ব্যক্তির আগের অন্তত ৩ বছর বা বর্তমান/ভবিষ্যতে ব্যাংক বা ব্যাংক-সংশ্লিষ্ট কোনো স্বার্থ না থাকে। পরিচালক পদ হারানোর পর বা ছাড়ার পর সংশ্লিষ্ট ব্যাংক থেকে নেওয়া ঋণ বা অগ্রিমের সম্পূর্ণ বকেয়া পরিশোধ করতে হবে; ঋণ পুনঃতফসিল বা অন্য কোনো উপায়ে নিয়মিত করার সুযোগ রাখা হচ্ছে না। এছাড়া টানা ৩ মাসের বেশি পর্ষদ সভায় অনুপস্থিত থাকার বিষয়েও কড়াকড়ি আরোপের প্রস্তাব রয়েছে। সাধারণ বিনিয়োগকারীদের ক্ষেত্রে ১০ শতাংশ শেয়ার মালিকানার সীমা বহাল থাকলেও দেশি-বিদেশি কৌশলগত বিনিয়োগকারীদের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক শর্তসাপেক্ষে এই সীমা শিথিল করার ক্ষমতা পাবে।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও বাংলাদেশ ব্যাংক মিলে খসড়াটি চূড়ান্ত করেছে। শিগগিরই এটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে এবং মন্ত্রিসভার অনুমোদন ও পরবর্তী আইন প্রণয়ন প্রক্রিয়ার পর কার্যকর হবে।