
নগরীর তাজহাট এলাকার ১৫ নম্বর ওয়ার্ডের তাওহীদ হাউজিং ও দর্শনা মোড় থেকে সূত্রাপুর-আক্কেলপুর এলাকাজুড়ে এ ইজতেমার আয়োজন করা হয়েছে। আগামী ২৮ নভেম্বর (শনিবার) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে তিন দিনব্যাপী এ আয়োজন।
এ আয়োজনে ধর্মীয় বয়ান, কোরআন-হাদিসের আলোচনা, তালিম, নামাজ, জিকির-আজকারসহ বিভিন্ন দ্বীনি কার্যক্রম অনুষ্ঠিত হবে। এসব কার্যক্রমের মাধ্যমে মুসল্লিদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা ও ইসলামের শিক্ষা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও সমৃদ্ধি কামনায় শনিবার অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত।
ইজতেমায় অংশ নিতে বদরগঞ্জ থেকে আসা জাহাঙ্গীর আলম বলেন, নিজের ঈমান আমলকে মজবুত করার জন্যে ইজতেমায় আসা। মুসলিম উম্মাহর মধ্যে যে বিভেদ-পার্থক্য তা দূর হয়ে যাক এই দোয়া করি, এত বড় মজমায় এসে খুব ভালো লাগছে।
পীরগঞ্জ থেকে আসা বুরহান বলেন, আমরা প্রত্যেকে যেন ইজতেমাকে কেন্দ্র করে হেদায়েত পেয়ে যাই, সবাই যেন ইজতেমা শেষে আল্লার রাস্তায় বের হয়ে দ্বীন শিক্ষা করতে পারে এই দোয়া করি।
আয়োজক কমিটির দায়িত্বশীলদের একজন মাহমুদুল আমিন বলেন, ইজতেমা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্যে আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি।আমাদের ইজতেমা আমলি ইজতেমা হবে ইনশাআল্লাহ। ইজতেমাকে কেন্দ্র করে আমাদের রংপুরের ইজতেমাকে কেন্দ্র করে অনেকগুলো বিদেশি জামাত এসেছে। তাদের সার্বিক সুযোগ-সুবিধা আমরা নিশ্চিত করেছি। ইজতেমাকে কেন্দ্র করে সকল মুসলমান নরনারী যেন হেদায়েত পেয়ে যায় এই প্রত্যাশা করি।
জেলা ইজতেমার এবার রংপুরসহ আশপাশের জেলা থেকে লাখো মুসল্লি সমাগমের আশা করছে আয়োজকরা। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও সুদানসহ বিভিন্ন বিদেশি জামাতের মেহমান ইজতেমায় অংশ নিচ্ছে। ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু হয়েছে। এখন মারকাজের মুরব্বিরা বয়ান করছেন বলে জানিয়েছেন আয়োজক কমিটির হাফিজুর রহমান হাফিজ।
এদিকে ইজতেমা ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে স্থানীয় সংগঠক শামীমুজ্জামান শামীম বলেন, মাঠ আলোকিত রাখতে বিদ্যুৎ সংযোগের পাশাপাশি রাখা হয়েছে শতাধিক জেনারেটর। ওজুুগোসলের জন্য পর্যাপ্ত পানি ও ট্যাপ বসানো হয়েছে, যেখানে একসঙ্গে প্রায় তিন-চার হাজার মানুষ ওজু করতে পারবেন। আগত মুসল্লিদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মাঠে সার্বক্ষণিক কাজ করবে অর্ধশতাধিক মেডিকেল টিম। ইজতেমা শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে আয়োজকদের পাশাপাশি স্থানীয় প্রশাসনও সতর্ক অবস্থানে রয়েছে।