প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুসরণে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে সারা দেশে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার (১৪ মার্চ) পঞ্চগড়ের বোদা উপজেলায় অনুষ্ঠিত হয়েছে জনসচেতনতামূলক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। বোদা সরকারি ডাকবাংলোর সামনের খাল ও নর্দমা পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রমের মাধ্যমে এ অভিযানের আনুষ্ঠানিক সূচনা করেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এ সময় তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং ডেঙ্গু, চিকনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত রাখা হবে। অভিযানকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন বোদা উপজেলা ও বোদা পৌর প্রশাসক রবিউল ইসলাম, বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান এবং বোদা পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী। তাদের সম্মিলিত অংশগ্রহণে পরিচ্ছন্নতার এই উদ্যোগটি জনসচেতনতা বৃদ্ধির একটি কার্যকর বার্তায় পরিণত হয়। এ সময় বক্তারা নাগরিক দায়িত্ববোধ ও জনস্বাস্থ্য সুরক্ষার গুরুত্ব তুলে ধরেন। পরিবেশের সুস্থতা ও জনস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।