যারা যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনা করছে তাদের চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতির খরচসহ ভ্রমণকারীদের ব্যয় বহন করার মতো পর্যাপ্ত আর্থিক সামর্থ্য থাকতে হবে বলে জানিয়েছে মার্কিন দূতাবাস। শনিবার (২১ মার্চ) ঢাকার মার্কিন দূতাবাস ভিসাসংক্রান্ত এক বার্তায় এ কথা জানিয়েছে। দূতাবাসের বার্তায় উল্লেখ করা হয়, আপনি যদি যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনা করেন, তবে নিশ্চিত করুন যে সম্ভাব্য ভ্রমণ বিঘ্ন বা চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতির খরচসহ আপনার নিজের ব্যয় বহন করার মতো পর্যাপ্ত আর্থিক সামর্থ্য রয়েছে। ভিসা সাক্ষাৎকারে যথাযথ প্রস্তুতি নিয়ে আসুন এবং এমন প্রমাণপত্র সঙ্গে রাখুন যা দেখায় যে যুক্তরাষ্ট্রে প্রবেশের পর আপনি সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হওয়ার সম্ভাবনা কম। মনে রাখবেন, ভুয়া নথি উপস্থাপন করা প্রতারণার শামিল; এতে আপনি ভিসার জন্য অযোগ্য হয়ে পড়বেন এবং স্থায়ীভাবে অযোগ্য ঘোষিত হতে পারেন।