হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপানি একটি কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার-এমনটিই জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেন, দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে আলোচনার মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। শুক্রবার (৩ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, চলতি বছরের মধ্যেই তৃতীয় টার্মিনাল চালু করার লক্ষ্য রয়েছে। এ ক্ষেত্রে উন্মুক্ত দরপত্রের প্রয়োজন নেই, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আরও আলোচনা করা হবে এবং দুই পক্ষের মধ্যে সংলাপ অব্যাহত থাকবে। দেশের এভিয়েশন খাতের সবচেয়ে বড় প্রকল্প হিসেবে বিবেচিত এই টার্মিনালটির ব্যয় প্রায় ২২ হাজার কোটি টাকা। ২০২৩ সালের অক্টোবরে আংশিক উদ্বোধনের পর পরের বছর পুরোপুরি চালুর পরিকল্পনা থাকলেও অপারেটর নিয়োগে জটিলতার কারণে প্রকল্পটি প্রায় তিন বছর ধরে স্থবির রয়েছে। এর আগে ১৫ বছরের জন্য জাপানি কনসোর্টিয়ামের মাধ্যমে টার্মিনাল পরিচালনার পরিকল্পনা থাকলেও অন্তর্বর্তী সরকারের সময়ে সেই আলোচনা ভেস্তে যায়। পরবর্তীতে বর্তমান সরকার আবারও জাপানের সঙ্গে আলোচনা শুরু করেছে।