‘অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ নেই, পেলেই ব্যবস্থা’
-
নিউজ প্রকাশের তারিখ :
Mar 19, 2026 ইং
ছবির ক্যাপশন:
সড়ক ও সেতু, রেল ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, ঈদযাত্রায় দেশের বিভিন্ন রুটে গণপরিবহনে নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে এবং কোথাও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। বুধবার (১৮ মার্চ) সকাল ১১টায় গাবতলী বাস টার্মিনালে পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, অধিকাংশ রুটে এখনো টিকিট পাওয়া যাচ্ছে, যদিও কিছু রুটে টিকিট আগেই শেষ হয়ে গেছে। সামগ্রিকভাবে যাত্রীরা নিরাপদে এবং নির্বিঘ্নে বাড়ি ফিরছেন। গত কয়েক সপ্তাহের প্রস্তুতি ও মালিক-শ্রমিকদের সমন্বিত প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে। বাস ভাড়া নির্ধারিত গন্তব্য অনুযায়ী, তাই পুরো রুটের ভাড়া প্রযোজ্য। তিনি জ্বালানি সরবরাহ পর্যাপ্ত রয়েছে বলেও উল্লেখ করেন। তিনি বলেন, বাস টার্মিনালগুলোতে পুলিশ, র্যাব ও ভিজিল্যান্স টিমের কন্ট্রোল রুম রয়েছে এবং নির্ধারিত ভাড়ার তালিকা সবার জন্য প্রদর্শন করা হয়েছে। কোনো যাত্রী অভিযোগ করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত বড় ধরনের কোনো অনিয়ম বা যাত্রী হয়রানি পাওয়া যায়নি। অবৈধ সাব-কাউন্টারগুলো সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া লোকাল বাসে অতিরিক্ত ভাড়া নেওয়ার চেষ্টা করা হলে মোবাইল টিম সরাসরি জরিমানা করছে। নবীনগর, বাইপাইল ও চট্টগ্রাম রোডে এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। মন্ত্রী বলেন, মহাসড়কগুলোতে যানজট নেই এবং সব রুটে যান চলাচল স্বাভাবিক। যাত্রী চাপের কারণে কিছু বাস টার্মিনালে না এসে মাঝপথ থেকেই যাত্রী নিয়ে গন্তব্যে চলে গেলেও তা মনিটরিং করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নিউজটি পোস্ট করেছেন :
বসির আহমেদ
কমেন্ট বক্স