ঈদে কৃত্রিম জ্বালানি সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: দীপেন দেওয়ান
-
নিউজ প্রকাশের তারিখ :
Mar 19, 2026 ইং
ছবির ক্যাপশন:
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে রাঙ্গামাটি শহরের বিভিন্ন পেট্রোল পাম্পে ঝটিকা পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। পরিদর্শনকালে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ঈদে কৃত্রিম জ্বালানি সংকট সৃষ্টি করে যাত্রীদের দুর্ভোগ বাড়ানো কোনোভাবেই বরদাশত করা হবে না। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে রাঙ্গামাটির স্থানীয় পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি সরেজমিনে যাচাই করতে এই আকস্মিক অভিযান চালান মন্ত্রী। পরিদর্শন শেষে তিনি জানান, গত ১৫ মার্চ রাত ১১টা থেকে গণপরিবহনের জন্য পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হয়েছে এবং এ সংক্রান্ত কঠোর মনিটরিং ব্যবস্থা সচল রয়েছে। মন্ত্রী দীপেন দেওয়ান, এমপি বলেন, বর্তমানে কোথাও জ্বালানির কোনো ঘাটতি নেই। কেউ যদি কৃত্রিম সংকট তৈরি করে জনদুর্ভোগ সৃষ্টি করার চেষ্টা করেন, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। কোনো যাত্রী বা পরিবহনচালক সমস্যায় পড়লে তাৎক্ষণিকভাবে হেল্পলাইন ১৬১০৭ কিংবা পুলিশ কন্ট্রোল রুমে জানানোর জন্য তিনি পরামর্শ দেন। তিনি আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট যেমন পুলিশ কন্ট্রোল রুম, র্যাব কন্ট্রোল রুম এবং ভিজিল্যান্স টিম সার্বক্ষণিক সক্রিয় রয়েছে। প্রতিটি টার্মিনালে নির্ধারিত ভাড়ার চার্ট টাঙানো হয়েছে। নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করলে যাত্রীদের দ্রুত অভিযোগ করার আহ্বান জানান তিনি। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সরকার, আইনশৃঙ্খলা বাহিনী, বাস মালিক ও শ্রমিক সংগঠনগুলো সমন্বিতভাবে কাজ করছে উল্লেখ করে মন্ত্রী পাম্প মালিকদের উদ্দেশে বলেন, মুনাফার লোভে সাধারণ মানুষকে যেন হয়রানি না করা হয়। পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন তার একান্ত সচিব রবীন্দ্র চাকমা, সহকারী একান্ত সচিব মো. আল আমিন এবং জেলা পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
নিউজটি পোস্ট করেছেন :
বসির আহমেদ
কমেন্ট বক্স