ঢাকা | বঙ্গাব্দ

মন্দা কাটছে না শপিংমলে, ঘুরে দাঁড়াতে ঈদের অপেক্ষায় বিক্রেতারা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 21, 2026 ইং
মন্দা কাটছে না শপিংমলে, ঘুরে দাঁড়াতে ঈদের অপেক্ষায় বিক্রেতারা ছবির ক্যাপশন:
ad728

ধানমণ্ডির অভিজাত শপিং কমপ্লেক্স রাপা প্লাজার লেডিস আইটেমের দোকান ‘সিন্দোন’-এর কর্মচারী আরাফাত হোসেন জানান, দীর্ঘদিন ধরেই তাদের ব্যবসায় মন্দাভাব চলছে। তার মতে, গত সাত-আট মাস ধরেই ব্যবসা খারাপ যাচ্ছে। এখন সামনে আসছে আসল চিত্র। তিনি বলেন, ‘আজকে সারাদিনে কোনো বিক্রিই হয়নি। উৎসবেও এখন আর আগের মতো বিক্রি হচ্ছে না। সামগ্রিকভাবে ব্যবসার অবস্থা খুবই খারাপ। মানুষ এখন কেনাকাটা না করে টাকা হাতে রাখছে।’

দোকানি ও ব্যবসায়ীরা বাজার মন্দার পেছনে বেশকিছু কারণের কথা বলছেন। তাদের মতে, দেশের অর্থনৈতিক মন্দা ভাব সামগ্রিকভাবে কিছুটা প্রভাব ফেলেছে। তারা বলছেন, লাইফস্টাইল পণ্য সাধারণত উৎসবকেন্দ্রিক অধিক বিক্রি হয়। ঈদ, বৈশাখ, পূজার মতো নানা ধর্মীয় উৎসবের পাশাপাশি শীত মৌসুম ঘিরে গরম পোশাক বেশি বিক্রি হয়। তখন তাদের মুনাফাও বাড়ে। 

শীতের মৌসুম শুরু হলেও শীতের পোশাক নিয়ে খুব একটা আশাবাদী নন অনেক ব্যবসায়ী। ক্রেতা খরার এই সময়ে শীতের পোশাকে কতটা লাভের মুখ দেখা যাবে, তা নিয়ে সন্দিহান তারা। অনেক বিক্রেতা মনে করছেন, শীতের কালেকশন দিয়ে বড় ধরনের ঘুরে দাঁড়ানো কঠিন হতে পারে।

তবে সব দোকানের চিত্র যে পুরোপুরি নেতিবাচক, তা নয়। ব্যতিক্রমী অবস্থার কথাও জানিয়েছেন কেউ কেউ। জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড ‘সিসওয়াক’-এর ক্যাশিয়ার শাহরিয়ার নাফিস বলেন, ‘আগে বিক্রি দুই লাখ টাকার মতো ছিল, এই মাসে অলরেডি ৩ লাখ টাকা বিক্রি হয়েছে। এটা আমাদের জন্য পজিটিভ।’ বিভিন্ন আইটেমে ডিসকাউন্ট দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেকেই মনে করেন, একেবারেই বিক্রি হচ্ছেনা দেখে আমরা ডিসকাউন্ট দিচ্ছি। কিন্তু প্রতিবছরই এই সময়ে আমরাসহ অনেক ব্র্যান্ডই ডিসকাউন্ট দিয়ে থাকে।’ 

সংশ্লিষ্টদের মতে, বাজারে উচ্চ মূল্যস্ফীতির চাপ এবং একই সঙ্গে মজুরি হার কমে যাওয়ায় সাধারণ মানুষের প্রকৃত ক্রয়ক্ষমতা উল্লেখযোগ্য হারে সংকুচিত হয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি দামের কারণে বর্তমান পরিস্থিতিতে অনেক পরিবারই তাদের মৌলিক চাহিদা পূরণ করতে রীতিমতো হিমশিম খাচ্ছে।

এই অর্থনৈতিক টানাপোড়েনের সবচেয়ে বড় ধাক্কা লেগেছে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত শ্রেণির ওপর। সীমিত আয়ে সংসারের খরচ সামলাতে গিয়ে তারা এখন আগের মতো স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারছেন না। ফলে অতিপ্রয়োজনীয় পণ্য ছাড়া পোশাক বা অন্যান্য বাড়তি সামগ্রীর ক্ষেত্রে ক্রেতারা অনেক বেশি হিসাবি হয়ে উঠেছেন এবং প্রতিটি কেনাকাটাই করছেন নানাভাবে ভেবেচিন্তে। 

বর্তমান এই স্থবিরতা কাটিয়ে উঠতে এখন সামনের ঈদের দিকেই তাকিয়ে আছেন শপিংমলের ব্যবসায়ীরা। তাদের প্রত্যাশা, অর্থনৈতিক চাপ ও ক্রেতাদের অনাগ্রহ কেটে গিয়ে ঈদ মৌসুমে আবারও জমজমাট হয়ে উঠবে রাজধানীর শপিংমলগুলো।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
বৈশ্বিক আর্থিক কাঠামোর বড় সংস্কার জরুরি: ড. তিতুমীর

বৈশ্বিক আর্থিক কাঠামোর বড় সংস্কার জরুরি: ড. তিতুমীর