ঢাকা | বঙ্গাব্দ

আটকে পড়া ১২৮২ টিইইউএস পণ্য বোঝাই কন্টেইনার জাহাজ নিরাপদে উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 4, 2026 ইং
আটকে পড়া ১২৮২ টিইইউএস পণ্য বোঝাই কন্টেইনার জাহাজ নিরাপদে উদ্ধার ছবির ক্যাপশন:
ad728

রাতভর পরিচালিত একটি সমন্বিত অভিযানে আটকে পড়া ১২৮২ টিইইউ পণ্যবোঝাই কনটেইনারবাহী জাহাজ ‘সিএনসি ইউরেনাস’ সফলভাবে উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর মঙ্গলবার (৪ আগস্ট) ভোররাতে জাহাজটিকে নিরাপদে ‘বি’ (ব্রাভো) অ্যাঙ্করেজে নোঙর করানো হয়।

এর ফলে দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দরের কার্যক্রম কোনো ধরনের বিঘ্ন ছাড়াই স্বাভাবিক রয়েছে। উদ্ধার অভিযানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ড সহযোগিতা প্রদান করে।

সোমবার (৩ আগস্ট) দুপুরে কর্ণফুলী চ্যানেল দিয়ে জাহাজটিকে বন্দর জেটিতে আনার সময় কনটেইনারবাহী এমভি সিএনসি ইউরেনাস মোহনার ২ নম্বর লাল বয়ার সঙ্গে ধাক্কা খেয়ে রিটেইনিং ওয়ালে আটকে যায়। পরে জাহাজটি নিরাপদে সরিয়ে নিতে বন্দরের শক্তিশালী তিনটি টাগবোটের পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী ও টানেল কর্তৃপক্ষের দুটি টাগবোট রাতভর উদ্ধারকাজ চালায়।

অবশেষে ভোররাতে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত ও নিরলস প্রচেষ্টায় অভিযান সফল হয়। 'সিএনসি ইউরেনাস'-কে উদ্ধার করে নিরাপদে ব্রাভো অ্যাঙ্করেজে নোঙর করানো সম্ভব হয়। পুরো উদ্ধার অভিযান চলাকালে বন্দর চ্যানেল সম্পূর্ণ নিরাপদ ও নৌযান চলাচলের উপযোগী ছিল। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, এই চ্যালেঞ্জিং অভিযানে অসাধারণ পেশাদারিত্ব, সাহসিকতা ও নিষ্ঠার পরিচয় দেওয়ায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সব পাইলট, টাগবোটের ক্রু, নৌ বিভাগের কর্মী এবং বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যদের আন্তরিক অভিনন্দন ও গভীর কৃতজ্ঞতা জানানো হয়েছে।

চীনের শিকৌ বন্দর থেকে আসা ৯ দশমিক ৫০ মিটার ড্রাফটের এই জাহাজটিতে মোট ১,২৮২ টিইউ পণ্যবাহী কনটেইনার এবং মাস্টারসহ ২৪ জন নাবিক রয়েছেন। জাহাজটির স্থানীয় এজেন্ট এপিএল বাংলাদেশ।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাপানের রাষ্ট্রদূত

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাপানের রাষ্ট্রদূত