মঙ্গলবার ব্রামল লেনে বোল্টন ওয়ান্ডারার্সকে ৩-২ গোলে হারিয়েছে শেফিল্ড। ম্যাচে দুবার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত যোগ করা সময়ের তৃতীয় মিনিটে গোল করে পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করে ‘ব্লেডস’রা। চলতি মৌসুমের লিগে এটি তাদের প্রথম জয়।
শেফিল্ডে স্থায়ীভাবে যোগ দেওয়ার পরদিনই হামজাকে সরাসরি একাদশে রাখেন কোচ ক্রিস ওয়াইল্ডার। মাঝমাঠে দায়িত্ব পাওয়া ২৮ বছর বয়সী এই ফুটবলারও আস্থার প্রতিদান দিয়েছেন পরিশ্রমী ও গোছানো পারফরম্যান্সে।
ম্যাচের শুরুটা অবশ্য স্বাগতিকদের জন্য ছিল দুঃস্বপ্নের মতো। এক মিনিটেরও কম সময়ে জাভিয়ের সিমন্সের গোলে এগিয়ে যায় বোল্টন। তবে সেই ধাক্কা সামলে দ্রুতই ম্যাচে ফেরে শেফিল্ড। চতুর্থ মিনিটে জাফেত তানগাঙ্গার গোলে সমতায় ফেরে তারা।
উত্তেজনাপূর্ণ শুরুর সেই সময়ে মাঝমাঠে হামজার উপস্থিতি শেফিল্ডকে কিছুটা স্থিরতা এনে দেয়। বল পায়ে আত্মবিশ্বাসী থাকার পাশাপাশি রক্ষণেও কার্যকর ছিলেন তিনি। পুরো ম্যাচে ৫০টি পাসের মধ্যে ৪৫টি সফল করেছেন হামজা, অর্থাৎ পাসিং নির্ভুলতার হার ছিল ৯০ শতাংশ। চারবার ট্যাকলে গিয়ে চারবারই সফল হয়েছেন বাংলাদেশের এই মিডফিল্ডার।
দ্বিতীয়ার্ধে অবশ্য আবারও পিছিয়ে পড়ে শেফিল্ড। ৬৭ মিনিটে স্যাম ডালবির গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় বোল্টন। তবে এক মিনিট পরই জবাব দেয় স্বাগতিকরা। ৬৮তম মিনিটে প্যাট্রিক বামফোর্ডের গোলে ফের সমতায় আসে শেফিল্ড।
এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে দুদলই জয়ের চেষ্টা চালালেও নির্ধারিত ৯০ মিনিট শেষে স্কোর ছিল ২-২। মনে হচ্ছিল, ম্যাচটি হয়তো ড্রতেই শেষ হবে। কিন্তু যোগ করা সময়ে বদলে যায় সব হিসাব।
৯৩তম মিনিটে রোমেল ডোনোভানের গোল উল্লাসে মাতায় ব্রামল লেন। শেষ মুহূর্তের ওই গোলেই ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে শেফিল্ড ইউনাইটেড।
এই জয়ে চলতি মৌসুমের লিগে প্রথমবারের মতো পূর্ণ তিন পয়েন্ট পেল ‘ব্লেডস’রা। একই সঙ্গে পয়েন্ট টেবিলে ১৪তম অবস্থান থেকে চার ধাপ এগিয়ে দশম স্থানে উঠে এসেছে শেফিল্ড।
বসির আহমেদ