ঢাকা | বঙ্গাব্দ

টালমাটাল পাকিস্তানের ক্রিকেট, পদত্যাগ করলেন মিসবাহ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 2, 2026 ইং
টালমাটাল পাকিস্তানের ক্রিকেট, পদত্যাগ করলেন মিসবাহ ছবির ক্যাপশন:
ad728

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, মিসবাহর পদত্যাগপত্র এখনও আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে নির্বাচক পদের পাশাপাশি লাহোরের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে ব্যাটিং কনসালট্যান্টের দায়িত্বও ছাড়ছেন তিনি।

লর্ডসে দ্বিতীয় টেস্টে ১৯৪ রানের বড় ব্যবধানে হেরে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে পাকিস্তান। এরপরই বড় ধরনের পরিবর্তনের সিদ্ধান্ত নেয় পিসিবি। ৯ সেপ্টেম্বর এজবাস্টনে শুরু হতে যাওয়া সিরিজের তৃতীয় টেস্টের আগে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয় সাত ক্রিকেটারকে। একই সঙ্গে হেড কোচ সরফরাজ আহমেদ ও বোলিং কোচ উমর গুলকেও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

বাদ পড়া সাত ক্রিকেটার হলেন—মোহাম্মদ রিজওয়ান, ইমাম-উল-হক, সালমান আগা, আলী ওসমান, আমীর জামাল, ওয়াইস জাফর ও খুররম শাহজাদ। তাঁদের জায়গায় সাইম আইয়ুব ও আব্দুল্লাহ ফাজালের সঙ্গে দলে যুক্ত করা হয়েছে পাঁচ অনভিষিক্ত ক্রিকেটারকে। তাঁরা হলেন আরাফাত মিনহাস, মোহাম্মদ ইমরান জুনিয়র, সাদ বেগ, মোহাম্মদ ইমরান রানধাওয়া ও রেজাউল্লাহ।

এদিকে টেস্ট দলের কোচিং প্যানেলেও এসেছে পরিবর্তন। নতুন করে দায়িত্ব পেয়েছেন সীমিত ওভারের দলের হেড কোচ মাইক হেসন ও বোলিং কোচ অ্যাশলি নফ।

২০১৭ সালে পাকিস্তানের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক হিসেবে অবসর নেওয়ার পর পিসিবির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন মিসবাহ। ২০১৯ সালে একসঙ্গে প্রধান কোচ ও প্রধান নির্বাচকের দায়িত্ব পান তিনি। ২০২০ সালের অক্টোবর পর্যন্ত দুই পদ সামলানোর পর কোচিংয়ে মনোযোগ দিতে প্রধান নির্বাচকের দায়িত্ব ছাড়েন। পরের বছর ছেড়ে দেন হেড কোচের পদও।

এরপর ২০২৩ সালে তৎকালীন অ্যাডহক কমিটির প্রধান জাকা আশরাফ তাঁকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন। সেখান থেকে পিসিবির বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন মিসবাহ। বর্তমান পরিচালনা পর্ষদ ২০২৪ সালে দায়িত্ব নেওয়ার পর চ্যাম্পিয়ন্স কাপের মেন্টর এবং ঘরোয়া ক্রিকেটে নারী দলগুলোর মেন্টর হিসেবেও কাজ করেন তিনি।

এমনকি গত মাসেও মুলতানে শাহীন আফ্রিদির নেতৃত্বে ৫০ ওভারের ন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপ জেতা পাকিস্তান গোল্ড দলের কোচের দায়িত্বে ছিলেন মিসবাহ।

চলতি বছরের মার্চে আকিব জাভেদ, সরফরাজ আহমেদ ও আসাদ শাফিকের সঙ্গে চার সদস্যের নির্বাচক কমিটিতে যুক্ত হন মিসবাহ। একই সঙ্গে বছরে ১৮০ দিনের চুক্তিতে পিসিবির ব্যাটিং কনসালট্যান্ট হিসেবেও দায়িত্ব পালন করছিলেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সৌদিতে আটকা সাড়ে ৪ হাজার বাংলাদেশি ওমরাহযাত্রী!

সৌদিতে আটকা সাড়ে ৪ হাজার বাংলাদেশি ওমরাহযাত্রী!