বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের আলামপুর ইউনিয়নের স্বস্তিপুর এলাকায় জাগরণী চক্র ফাউন্ডেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিকু কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার লালপুর গ্রামের বাসিন্দা।
হাইওয়ে পুলিশ জানায়, বুধবার বিকেলে জিকুর বাবা জসিম উদ্দিন নিজ বাড়িতে মারা যান। বাবার মৃত্যুর খবর পেয়ে জিকু তার কর্মস্থল মাগুরা থেকে ভায়রা ভাইয়ের সঙ্গে মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন।
পথিমধ্যে স্বস্তিপুর এলাকায় একটি বালুবাহী ট্রাককে ওভারটেক করার সময় খানাখন্দে ভরা সড়কে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে। এ সময় পেছন দিক থেকে আসা অপর একটি ট্রাকের নিচে মোটরসাইকেলটি পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই জিকুর মৃত্যু হয়।
সংবাদ পেয়ে চৌড়হাস হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
চৌড়হাস হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মো. মহিদুল ইসলাম জানান, দুর্ঘটনাটি রাতের অন্ধকারে ঘটায় হাইওয়ে দিয়ে চলাচলকারী অসংখ্য যানবাহনের মধ্যে কোন ট্রাকটি জিকুকে চাপা দিয়েছে, তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।
তিনি বলেন, আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে দুর্ঘটনায় জড়িত ট্রাকটি শনাক্তের চেষ্টা করছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ময়নাতদন্ত শেষে জিকুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বসির আহমেদ