চলতি মাসের শেষ দিকে প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালু করা হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী নুর। বুধবার (১৯ আগস্ট) দুপুরে মুন্সীগঞ্জে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
নুর বলেন, ‘প্রবাসী কার্ড’ এটিএম কার্ডের মতো ব্যবহারযোগ্য হবে। এই কার্ড দিয়ে প্রবাসীরা ব্যাংকিং লেনদেনও করতে পারবেন। পাশাপাশি দেশে ফিরে সরকারি বিভিন্ন সেবা গ্রহণের ক্ষেত্রেও এই কার্ডের মাধ্যমে সুবিধা পাওয়া যাবে।
তিনি আরও বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গেলেও প্রবাসী কার্ডধারীরা অগ্রাধিকার পাবেন। দেশে অবস্থানকালে প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানেও কার্ডটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান। বিশেষ অতিথি ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আল মামুন এবং মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত মানু।
আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের মাঝে আর্থিক অনুদান ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
বসির আহমেদ