বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়, লাস ভেগাসের ভেনেশিয়ান হোটেলের ‘দ্য টিপসি রোবট’ বারে দুটি রোবটিক হাত স্বয়ংক্রিয়ভাবে ককটেল তৈরি করে। একটি মার্গারিটা পানীয়ের দাম ১৭ ডলার হলেও এর সঙ্গে যোগ হয় ১০ শতাংশ ‘সার্ভিস ফি’। অর্থাৎ, রোবটের সেবা নিয়েও গ্রাহকের কাছে টিপস চাওয়া হচ্ছে।
একই অভিজ্ঞতা হয়েছে নিউইয়র্কের ‘আর্টলি কফি’তে। সেখানে রোবট বারিস্তাও টিপস চেয়েছে। নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরের একটি কর্মীহীন সেলফ-চেকআউট মেশিন পানির বোতল কেনার সময়ও টিপস দেওয়ার পরামর্শ দিয়েছে। আবার ওরেগনের পোর্টল্যান্ডের ‘টপ বার্মিজ’ রেস্তোরাঁয় অর্ডার নিয়েছেন মানুষ, কিন্তু খাবার পৌঁছে দিয়েছে রোবট।
মানবকর্মীর ভালো সেবার জন্য টিপস দেওয়া স্বাভাবিক হলেও রোবটের ক্ষেত্রে বিষয়টি নিয়ে তৈরি হয়েছে দ্বিধা। সবচেয়ে বড় প্রশ্ন—রোবটকে দেওয়া টিপসের টাকা কে পাচ্ছে?
‘দ্য টিপসি রোবট’ ও ‘আর্টলি কফি’র পক্ষ থেকে বলা হয়েছে, টিপসের পুরো অর্থ মানবকর্মীদের মধ্যে ভাগ করে দেওয়া হয়। প্রতিষ্ঠানগুলো এর কোনো অংশ নেয় না। গ্রাহকদের অভিযোগের পর আর্টলি কফি টিপস দেওয়ার স্বয়ংক্রিয় অপশনও বন্ধ করেছে।
তবে বিশেষজ্ঞদের আশঙ্কা, সব প্রতিষ্ঠানে একই নিয়ম নাও থাকতে পারে। লেহাই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হোলোনা ওকস বলেন, কিছু অসাধু নিয়োগকর্তা রোবটের মাধ্যমে পাওয়া টিপস নিজেদের কাছে রেখে দিতে পারেন। কারণ রোবটকে দেওয়া টিপসের মালিকানা নিয়ে এখনো স্পষ্ট আইনি কাঠামো নেই।
মহামারির পর ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার বিস্তারের সঙ্গে টিপস চাওয়ার প্রবণতাও বেড়েছে। যুক্তরাষ্ট্রে টিপসনির্ভর কর্মীদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ২ দশমিক ১৩ ডলার, যেখানে সাধারণ ন্যূনতম মজুরি ৭ দশমিক ২৫ ডলার।
তবে রোবট সবসময় মানুষের চাকরির জন্য হুমকি—এমনটা মনে করেন না বিশেষজ্ঞরা। অনেক ক্ষেত্রে রোবট নতুন ধরনের সেবা ও কর্মসংস্থানের সুযোগও তৈরি করছে। মিসিসিপি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাটেরিনা বেরেজিনার মতে, টিপস বা সার্ভিস ফি রোবটের রক্ষণাবেক্ষণ, শ্রম ও প্রযুক্তিগত খরচ মেটাতেও ব্যবহৃত হতে পারে।
গবেষণায় দেখা গেছে, মাত্র ১১ শতাংশ মানুষ রোবট বারটেন্ডারকে টিপস দিতে আগ্রহী। তবে টিপসের অর্থ মানবকর্মীরা পাবেন জানানো হলে প্রায় ৪২ শতাংশ মানুষ মত পরিবর্তন করেন।
বিশেষজ্ঞদের মতে, শেষ পর্যন্ত রোবটকে টিপস দেওয়ার ভবিষ্যৎ নির্ধারণ করবে গ্রাহকরাই। মানুষ যদি এই প্রবণতা প্রত্যাখ্যান করে, তাহলে ব্যবসায়ীরাও হয়তো একসময় রোবটের ‘ডিজিটাল হাত’ থেকে টিপস চাওয়ার ব্যবস্থা সরিয়ে নিতে বাধ্য হবেন।
সূত্র: বিবিসি
বসির আহমেদ